ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হোসে মরিনহো কি অসফল কোচ? মোটেও না। কিন্তু তার সাফল্যের দৌড় থেমে যাচ্ছে বার্সেলোনার দুয়ারে। কোনো মতেই সেই দুয়ার ভাঙতে পারছেন না তিনি। বুধবার সর্বশেষ ‘এল ক্লাসিকো’তে এগিয়ে গিয়েও হেরে যায় তার দল ২-১ গোলে।
ঘর সামাল দিতেই ব্যস্ত থাকতে হয় কার্লেস পুয়োল ও এরিক আবিদালকে। কিন্তু কিংস কাপের (কোপা দেল রে) কোয়ার্টার-ফাইনালে বার্সার জয়ের নায়ক ছিলেন তারাই। গোল দু’টো আসে তাদেরই পা থেকে। পুয়োল খেলায় ফিরিয়ে আনেন বার্সাকে। আর আবিদাল উপহার দেন জয়।
অথচ খেলার ১১ মিনিটেই ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল। দৌড়ে গিয়ে রক্ষণভাগের খেলোয়াড় পেপের দূরপাল্লার ‘পাস’ ধরে বাঁ-পায়ে প্রচণ্ড শট নেন তিনি। গোলরক্ষক হোসে মানুয়েল পিন্টোর শরীরের নিচ দিয়ে বল চলে যায় গোল-লাইন অতিক্রম করে।
এক মাসের মধ্যে সান্তিয়াগো বার্নাব্যুতে এটি ছিল কাতালানদের দ্বিতীয় জয়।
লা লিগায় পাঁচ পয়েন্ট পিছিয়ে থাকলেও কোচ হিসেবে পেপ গার্দিওলার দায়িত্ব নেয়ার পর ১৩বার খেলে নয়বারই জিতেছে লা লিগা, ইউরোপ ও বিশ্ব চ্যাম্পিয়নরা। একবার অবশ্য জয়ের মুখ দেখেছেন মরিনহো, কিংস কাপের গতবারের ফাইনালে।
খেলার ৭৭ মিনিটে লিওনেল মেসি ভাসিয়ে বল ফেলেন প্রতিপক্ষের বক্সে। বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে ‘ফ্লিক’ করেন আবিদাল বাঁ পা দিয়ে। গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের পাশ দিয়ে বল জড়িয়ে যায় জালে। আবিদালের ফুটবল জীবনের এই চতুর্থ গোলের সুবাদে ফিরতি খেলায় বার্সা মাঠে নামবে সুবিধাজনক অবস্থানে থেকে।
বার্সার হয়ে এটি আবিদালের দ্বিতীয় গোল। প্রথম গোল করেন তিনি এ বছরের ৫ জানুয়ারি।
বিরতিতে যায় রিয়াল ক্রিস্টিয়ানোর গোলে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার চার মিনিটে জাভির কর্নার মাথা দিয়ে জালে পাঠিয়ে দলকে খেলায় ফেরান বার্সা দলনায়ক পুয়োল।
কৌশলগত দিক দিয়ে ‘এল ক্লাসিকো’র আগের খেলাগুলোর সঙ্গে এই খেলারও বলতে গেলে কোনো পার্থক্যই ছিল না। নিজেদের পায়ে বল রেখে খেলতে থাকে বার্সা। আর রিয়াল খেলে যায় রোনালদো, করিম বেনজেমা ও গঞ্জালো হিগুয়াইনের গতির ওপর ভর করে।
পিন্টোর শরীরের নিচ দিয়ে রোনালদোর শট জালে আশ্রয় নিলেও অপর প্রান্তে ক্যাসিয়াস কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে রক্ষা করেন একাধিক নিশ্চিত গোল। মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তাকে তো গোলের মুখ দেখতেই দেননি। আরেকবার আলেক্সিস সানচেজের ‘হেড’ ফিরে আসে পোস্ট কাঁপিয়ে।
লিওনেল মেসির হাত ইচ্ছা করে মাড়িয়ে দিয়েও বেঁচে যান রিয়ালের রক্ষণভাগের খেলোয়াড় পেপ। রেফারির চোখে পড়লে নিশ্চিত শাস্তি পেতে হতো থাকে। এমনিতেই একবার হলুদ কার্ড দেখার কথা লেখা রয়েছে তার নামের পাশে।
খেলার শেষ দিকে বেশ কয়েকবার শক্তি প্রয়োগের মতো ঘটনা ঘটে।
খেলা শেষে এক টেলিভিশন সাক্ষাৎকারে আবিদাল বলেন, “আমরা এই খেলায় জিতেছি ঠিকই। কিন্তু ফিরতি খেলায় সাবধান থাকতে হবে। কেননা তখনো কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হবে আমাদের।”
ফিরতি খেলা হবে আগামী বুধবার। ন্যু ক্যাম্পে রিয়ালকে স্বাগত জানাবে বার্সা।
ঘর ও প্রতিপক্ষের মাঠ, দুই খেলা মিলে জয়ী দল সেমিফাইনাল খেলবে ভালেন্সিয়া কিংবা লেভান্তের বিপক্ষে। কোয়ার্টার-ফাইনালে নিজেদের প্রথম খেলায় দল দুটো মুখোমুখি হতে যাচ্ছে বৃহস্পতিবার রাতে।
দিনের অন্য খেলায় ফার্নান্দো লোরেন্তে ও ইকার মুনিয়াইনের গোলে অ্যাথলেটিক বিলবাও ২-০ ব্যবধানে হারায় মালোর্কাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১০৬ ঘ.
bdnews24