২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার অঘটনের শিকার আবাহনী

ফেডারেশন কাপ ফুটবলে আবাহনী লিমিটেডের অপরাজিত থাকার গৌরবও ধূলিস্যাত হয়ে গেছে। বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের বর্তমানে চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে ফেনী সকার ক্লাব। অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আরামবাগ ক্রীড়া সংঘ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2012, 02:33 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেডারেশন কাপ ফুটবলে আবাহনী লিমিটেডের অপরাজিত থাকার গৌরবও ধূলিস্যাত হয়ে গেছে। বৃহস্পতিবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে টুর্নামেন্টের বর্তমানে চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে সবাইকে চমকে দিয়েছে ফেনী সকার ক্লাব। অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আরামবাগ ক্রীড়া সংঘ। অবশ্য আবাহনীকে হারিয়েও শেষ আটে জায়গা হয়নি ফেনীর দলটির। আরামবাগের মতো তাদেরও চার পয়েন্ট। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হচ্ছে ফেনী সকার ক্লাবকেই। অঘটনের শিকার হলেও ‘বি’ গ্র“প চ্যাম্পিয়ন হিসেবেই কোয়ার্টার ফাইনালে খেলবে আবাহনী। তিন ম্যাচে দুই জয়ের সুবাদে তাদের পয়েন্ট ৬। প্রথম দুই ম্যাচে পুলিশ ও আরামবাগকে হারিয়ে প্রথম দল হিসেবে ফেডারেশন কাপের শেষ আট নিশ্চিত করার কৃতিত্ব আবাহনীরই। বৃহস্পতিবার অবশ্য ঢাকার মাঠের অন্যতম সফল ক্লাবটিকে খুঁজেই পাওয়া যায়নি। ২২ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। আবাহনীর ডিফেন্ডার মামুন মিয়া ও গোলরক্ষক সোহেলের ভুল বোঝাবুঝির সুযোগ কাজে লাগিয়ে গোলটি করেন নাইজেরীয় স্ট্রাইকার রোল্যান্ড। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে আবাহনী। ৫৫ মিনিটে সমতা আনার সুবর্ণ সুযোগ নষ্ট করেন থুয়াম ফ্রাঙ্ক। তার দুর্দান্ত শট ফেনীর গোলরক্ষক মাসুদ আহমেদ উজ্জ্বল ঠেকিয়ে দেন অসাধারণ দৃঢ়তায়। অবশ্য ৬৭ মিনিটে রেফারি জসিমউদ্দিনের বিতর্কিত সিদ্ধান্তে পাওয়া পেনাল্টি থেকে গোল করে আবাহনীকে সমতায় ফেরান সেই ফ্রাঙ্ক। সকার ক্লাবের ডিফেন্ডার ভিক্টর আবাহনীর নাসিরকে ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। যদিও এই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে কম সমালোচনা হয়নি। তবে সমতা নিয়ে এলেও আবাহনী হার এড়াতে পারেনি। ৭৬ মিনিটে মোহাম্মদ ইয়াসিন আবার এগিয়ে দেন সকার ক্লাবকে। শেষ পর্যন্ত এই গোলটি গড়ে দেয় ম্যাচের ভাগ্য। এই হারের জন্য আবাহনীর কোচ আলী আকবর পুরমুসলিমি কয়েক জন খেলোয়াড়কে দায়ী করেছেন। তিনি বলেন, “কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় আমি এই ম্যাচে কয়েক জনকে পরীক্ষা করে নিতে চেয়েছিলাম। কিন্তু হিতে-বিপরীত হয়েছে। এমনটা যে হবে ভাবতেই পারিনি।” “ডিফেন্ডার মামুন মিয়া, মিডফিল্ডার তৌহিদুল আলম, স্ট্রাইকার মোহাম্মদ রবিন ও গোলরক্ষক শহিদুল আলম সোহেলের ভুলের কারণে আমাদের গোল দুটি খেতে হয়েছে,” যোগ করেন তিনি। আবাহনীকে হারিয়ে উচ্ছ্বসিত ফেনী সকার ক্লাব কোচ রেজাউল হক জামাল। তিনি বলেন, “পরের পর্বে খেলার আশা নিয়ে আমরা আজ মাঠে নামিনি। আবাহনীকে হারাতে পারাই আমাদের বড় অর্জন। তবে রেফারির কিছু ভুল সিদ্ধান্ত আমাদের ভালোই ভুগিয়েছে।” পুলিশের বিপক্ষে আরামবাগের গোল দুটি করেন নাইজেরীয় আমাদি মোজেস ও উমুকরু গুডউইন। ম্যাচের ২০ মিনিটে মোজেস এগিয়ে দেন দলকে। ৮২ মিনিটে আরামবাগের জয় নিশ্চিত করেন গুডউইন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৭ঘ.