ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহামেডান ও মুক্তিযোদ্ধার পর গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে এবার অঘটনের শিকার হয়েছে ব্রাদার্স ইউনিয়ন। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের কাছে ১-০ গোলে হেরেছে তারা।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের অন্য খেলায় রহমতগঞ্জ এমএফএস ৩-০ গোলে হারিয়েছে ওয়ারী ক্লাবকে।
ব্রাদার্সের বিপক্ষে ফারশগঞ্জের জয়ের নায়ক কঙ্গো মিডফিল্ডার সিও জুনাপিও। ম্যাচ শেষ হওয়ার মাত্র চার মিনিট আগে জুনাপিও জয় সূচক গোলটি করেন।
এই ম্যাচে হেরে যাওয়ায় ব্রাদার্সের কোয়ার্টার ফাইনালে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে গেলো। প্রথম ম্যাচে ওয়ারীর সঙ্গে গোলশূন্য ড্র করেছিল তারা। শেষ আটে খেলতে হলে পরের ম্যাচে রহমতগঞ্জকে হারাতেই হবে তাদের।
আর এদিনের জয়ে ফরাশগঞ্জ দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা অনেকটাই নিশ্চিত করে ফেলেছে। প্রথম ম্যাচে তারা রহমতগঞ্জের সঙ্গে ড্র করেছিল।
তবে এদিন রহমগঞ্জকে জিততে মোটেও বেগ পেতে হয়নি। বিদেশী স্ট্রাইকার লাকির জোড়া গোলেই মূলত তাদের জয়টা সহজ হয়ে যায়। ম্যাচের ৩৬ ও ৪৫ মিনিটে লাকি দলের পক্ষে দুটি গোল করেন। এর আগে ম্যাচের ৫ মিনিটে নাইজেরীয় স্ট্রাইকার ফ্রান্সিস দলের পক্ষে প্রথম গোলটি করেন।
এই জয়ের ফলে রহমতগঞ্জের কোয়ার্টার ফাইনালও অনেকটাই নিশ্চিত। শেষ ম্যাচে ব্রাদার্সের সঙ্গে ড্র করলেই পরের পর্বে উঠে যাবে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/১৮৩১ ঘ.
bdnews24