২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের শেষ দিনে অঘটনের শিকার ম্যান ইউ

নিজের সত্তরতম জন্মদিন যে এতটা ভয়াবহ হবে তা হয়তো কল্পনাও করেননি অ্যালেক্স ফার্গুসন। ইপিএলে শনিবার তালিকার একেবারের নীচের দিকের দল ব্ল্যাকবার্ন রোভার্সের কাছে ৩-২ গোলে হেরে গেছে ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাস্টন ভিলার কাছে ৩-১ গোলে হেরেছে চেলসিও এবং তালিকায় একধাপ নেমে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 07:25 AM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজের সত্তরতম জন্মদিন যে এতটা ভয়াবহ হবে তা হয়তো কল্পনাও করেননি অ্যালেক্স ফার্গুসন। ইপিএলে শনিবার তালিকার একেবারের নীচের দিকের দল ব্ল্যাকবার্ন রোভার্সের কাছে ৩-২ গোলে হেরে গেছে ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাস্টন ভিলার কাছে ৩-১ গোলে হেরেছে চেলসিও এবং তালিকায় একধাপ নেমে গেছে। ১৯ খেলায় ম্যান ইউর পয়েন্ট ৪৫। শীর্ষে থেকে বছর শুরু করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারলো না বর্তমান চ্যাম্পিয়নরা। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট একই হলেও তারা এক ম্যাচ কম খেলেছে। ১৯ খেলায় চেলসির পয়েন্ট ৩৪। সমান খেলায় ব্ল্যাকবার্নের পয়েন্ট ১৪। নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে মূলত গোলরক্ষক ডেভিডের ভুলে খেলার ৮০ মিনিটে তৃতীয় গোলটি খেয়ে বসে ম্যান ইউ। ব্ল্যাকবার্নের ডিফেন্ডার গ্রান্ট হ্যানলেইর ওই গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই মৌসুমে এটা ব্ল্যাকবার্নের মাত্র তৃতীয় জয় এবং অতিথি হয়ে প্রথম। ম্যাচ শেষে বিক্ষুব্ধ ফার্গুসন বলেন, “এটা একটা বিপর্যয়। এমনটা আমি স্বপ্নেও ভাবিনি।” বছরের শেষ দিনে নিজেদের মাঠে তালিকার সবচেয়ে নিচের দলের সঙ্গে খেলা। তার উপর আবার কোচের জন্মদিন। স্বাভাবিকভাবেই উৎসবের মেজাজে ছিলো ওল্ড ট্রাফোর্ডের ৭৫ হাজার দর্শক। কিন্তু তাদের স্তব্ধ করে দিয়ে খেলার ১৬ মিনিটে এগিয়ে যায় ব্ল্যাকবার্ন। অতিথি ডিফেন্ডার ক্রিস্টোফার সাম্বাকে অবৈধভাবে বাধা দেন দিমিতার বারবেতভ। পেনাল্টি বাঁশি বাজান রেফারি। গোল করেন ইয়াকুবু। দ্বিতীয়ার্ধের ছয় মিনিটে নাইজেরিয়ার ইয়াকুবু ব্যবধান দ্বিগুন করেন। যদিও এক মিনিট পরই ব্যবধান কমিয়ে আনেন ম্যান ইউর স্ট্রাইকার বারবেতভ। ৬২ মিনিটে বারবেতভের দ্বিতীয় গোল খেলায় সমতা ফেরায়। তবে নিজেদের ভুলে শেষ পর্যন্ত মৌসুমের সবচেয়ে বড় অঘটনের শিকার হতে হয় ম্যান ইউকে। তালিকার তিন নম্বরে থাকা টটেনহ্যামও এদিন কোনো রকমে ১-১ গোলে ড্র করেছে সোয়ানসি সিটির সঙ্গে। ১৯ খেলায় তাদের পয়েন্ট ৩৯। তবে আর্সেনাল এদিন ১-০ গোলে কুইন্স পার্ক রেঞ্জার্সকে হারিয়ে তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে। ১৯ খেলায় আর্সেনালের পয়েন্ট ৩৬। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১২৩০ ঘ.