২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিরা এখন ঢাকায়

প্রতীক্ষার প্রহর শেষ; ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় তারকাদের একজন লিওনেল মেসি পা রেখেছেন ঢাকায়। অপেক্ষা এখন ফুটবল জাদুকরকে মাঠে দেখার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2011, 05:29 AM

Updated : 24 Aug 2022, 03:54 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতীক্ষার প্রহর শেষ; ফুটবল দুনিয়ার সবচেয়ে বড় তারকাদের একজন লিওনেল মেসি পা রেখেছেন ঢাকায়। অপেক্ষা এখন ফুটবল জাদুকরকে মাঠে দেখার। সোমবার বেলা ১১টা ১০ মিনিটে বিমান থেকে নামে মেসির আর্জেন্টিনা। জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে করে কলকাতা থেকে সরাসরি ঢাকায় আসেন তারা। বিমানবন্দরে মেসিদের স্বাগত জানাতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ও বর্তমান ৪০ জন খেলোয়াড়। ফুলের মালা দিয়ে বাংলাদেশে বরণ করে নেওয়া হয় তারকাদের। বিমানবন্দর থেকে আর্জেন্টিনা দল হোটেল রূপসী বাংলায় পৌঁছে দুপুর ১২ টার দিকে। হোটেলে তাদের অভ্যর্থনা জানাতে ফুলের তোড়া হাতে অপেক্ষায় ছিলেন মেয়েদের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। যদিও আর্জেন্টিনা দলের আপত্তির কারণে তাদের অভ্যর্থনা জানানো সম্ভব হয়নি। হোটেলে অভ্যর্থনা নেবে না বলে আগেই বাফুফেকে জানিয়ে দিয়েছিল দলটি। লবিতেও বাইরের খাবার খাবে না বলে তারা জানিয়েছিল। এর আগে বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মেসির আর্জেন্টিনাকে হোটেলে নিয়ে আসা হয়। খেলোয়াড়দের বহনকারী গ্রিনলাইন পরিবহন কম্পানির বাসটির সামনে ও পিছনে ছিল পুলিশ ও র‌্যাবের গাড়ি। দুপুর ১২টার দিকে হোটেলে পৌঁছে দলটি। হোটেলেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। আর্জেন্টিনা মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলবে নাইজেরিয়ায় সঙ্গে। সোমবার সন্ধ্যায় এই স্টেডিয়ামে অনুশীলন করেন খেলোয়াড়রা। খেলা শুরু হওয়ার কথা সন্ধ্যা ৬টায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন খেলাটি সরাসরি স¤প্রচার করবে। প্রীতি ম্যাচে অংশ নিতে নাইজেরিয়া ফুটবল দলও বিকাল সাড়ে ৩টায় ঢাকায় পৌঁছে। তারা উঠেছেন ওয়েস্টিন হোটেলে। আর্জেন্টিনা দল বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করে সন্ধ্যায়। শুরু হয় সাড়ে ৬টায়। বিকেল ৩টায় গ্যালারির গেট খোলা হয় এবং সন্ধ্যা ৬টায় বন্ধ হয়ে যায়। কলকাতা মাতিয়ে ঢাকায় এসেছে মেসির দল। সেখানে ভেনিজুয়েলার সঙ্গে প্রদর্শনী ম্যাচে ১-০ গোলে জেতে তারা। বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় মেসির নেতৃত্বে আর্জেন্টিনা দলকে ঢাকায় আনতে পেরে রীতিমতো উচ্ছ্বসিত বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তিনি মনে করেন, এর মধ্য দিয়ে এ ধরনের আরো খেলা আয়োজনের পথ খুলে গেলো। মেসির ছোঁয়ায় বাংলাদেশের ফুটবল আবারো ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন বাফুফে কর্মকর্তারা। ৩ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা ছিল আর্জেন্টিনা দলের। যানজটের কারণে অনুশীলন মাঠ ফতুল্লার খান সাহেব এম ওসমান আলী স্টেডিয়াম যেতে দেরি হবে বলে দু'দিন পিছিয়ে যায় দলটির ঢাকায় আসার দিনক্ষণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/এমআই/টিআর/১৮৪১ ঘ.