ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতায় ভেনিজুয়েলার বিপক্ষে ভালো খেলে আর্জেন্টিনা দলের আস্থা ফিরিয়ে আনতে চান কোচ আলেজান্দ্রো সাবেলা। নতুন অধিনায়ক লিওনেল মেসিকে পুরোভাগে রেখে দল গড়ে তুলতে চান তিনি।
কলকাতায় এক লাখ আসনের সল্ট লেক স্টেডিয়ামে ভেনিজুয়েলার বিপক্ষে শুক্রবারের প্রীতি ম্যাচের আগে সাংবাদিকদের তিনি বলেন, "২০১৪ সালের বিশ্বকাপ বাছাই পর্ব পর্যন্ত মেসি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং মেসি যাতে আরো সাচ্ছন্দের সঙ্গে খেলতে পারেন সে জন্য আমি আক্রমণভাগের একজন খেলোয়াড় খুঁজছি।"
কলকাতার এই খেলা হবে কোচ ও অধিনায়ক হিসেবে সাবেলা ও মেসির প্রথম ম্যাচ।
গত মাসে কোপা আমেরিকায় চরমভাবে ব্যর্থ হওয়ার পর কোচের পদ থেকে সরিয়ে দেয়া হয় সার্জিও বাতিস্তাকে। তার জায়গায় দলের দায়িত্ব তুলে দেয়া হয় সাবেলার হাতে।
কলকাতার খেলা সম্পর্কে সাবেলা বলেন, "কোপা আমেরিকার পর জাতীয় দলের জন্য এটি হবে প্রথম খেলা। তাই খেলাটিকে আমরা খুব গুরুত্বের সঙ্গে নিয়েছি।" ভালো খেলে দলের আস্থা ফিরিয়ে আনার ব্যাপারে আশা প্রকাশ করেন তিনি।
কলকাতায় খেলা হবে টার্ফে। এ প্রসঙ্গে কোচ বলেন, "আমরা সাধারণত টার্ফে খেলি না। তবে মানিয়ে নেয়ার চেষ্টা করবো।"
দল ভালো খেলবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, "এই খেলার মধ্য দিয়ে দীর্ঘ পথ চলার শুরু হবে, যা শেষ হবে বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে আগে।"
এদিকে ভেনিজুয়েলার কোচ সিজার ফ্যারিয়াস বলেন, আর্জেন্টিনার সঙ্গে ১৪ অক্টোবরের বিশ্বকাপ বাছাই পর্বের খেলার আগে তার দলের প্রস্তুতিটা সেরে নিতে চান তিনি এই ম্যাচের মধ্য দিয়ে।
তবে মেসিকে নিয়ে তার দল উদ্বিগ্ন নয় বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০৪০ ঘ.
bdnews24