ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভেনিজুয়েলার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে মঙ্গলবার ভারত পৌঁছেছে আর্জেন্টিনার ১৭ সদস্যের ফুটবল দল।
যদিও দলে নেই লিওনেল মেসি ও তার বার্সেলোনা সতীর্থ হ্যাভিয়ের মাসচেরানো।
ধারণা করা হচ্ছে সোমবার রাতে লা লিগায় বার্সেলোনার উদ্বোধনী ম্যাচের কারণেই তারা দলের সঙ্গে আসতে পারেননি। তবে দলে রয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা গঞ্জালো হিগুয়েন ও অ্যাঞ্জেল ডি মারিয়া।
কলকতার সল্ট লেক স্টেডিয়ামে শুক্রবার খেলাটি হবে।
ওই ম্যাচটি খেলার পর নাইজেরিয়ার বিপক্ষে অন্য আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলের বাংলাদেশে আসার কথা রয়েছে।
৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা দল ঢাকায় আসার কথা ৩ সেপ্টেম্বর।
দেশটির নতুন কোচ আলেজান্দ্রো সাবেলা ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচটিকে গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন।
আর্জেন্টিনা জাতীয় দলের কোচ হিসেবে এটাই সাবেলার প্রথম ম্যাচ। কোপা আমেরিকায় দলের ব্যর্থতার পর বরখাস্ত হওয়া কোচ সার্জিও বাতিস্তার স্থলাভিষিক্ত হন সাবেলা।
টাইম্স অফ ইন্ডিয়াকে সাবেলা বলেন, "আমার ও দলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমাদের উপর সবার প্রত্যাশা অনেক বেশি। আর এই প্রত্যাশা পূরণ করা আমাদের দায়িত্ব।"
ভেনিজুয়েলাকে ভালো দল বর্ণনা করে তিনি আরো বলেন, "আমরা তাদের বিপক্ষে ম্যাচটিকে গুরুত্বের সঙ্গেই নিয়েছি।"
দুইবার বিশ্বের সেরা ফুটবলার নির্বাচিত হওয়া মেসির জাদুকরি ফুটবল সরাসরি দেখার দারুণ এই সুযোগ পেয়ে আনন্দিত ক্রিকেটের দেশ ভারতের জনগন।
যদিও সাবেলা মনে করেন মেসি আর্জেন্টিনা দলের একমাত্র তারকা নন। তিনি বলেন, " মেসিই দলের একমাত্র তারকা নন। যদিও বিশ্বের সব ফুটবলপ্রেমীই চান সে ভালো খেলুক। তবে আমি চাই ভেনিজুয়েলার বিপক্ষে পুরো আর্জেন্টিনা দলই ভালো করুক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০২৭ ঘ.
bdnews24