২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিগ কাপের তৃতীয় পর্বে লিভারপুল

এক্সেটর সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগ কাপে দ্বিতীয় পর্বের বাধা সহজেই পার হলো লিভারপুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2011, 01:53 PM

Updated : 24 Aug 2022, 03:50 PM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক্সেটর সিটিকে ৩-১ গোলে হারিয়ে লিগ কাপে দ্বিতীয় পর্বের বাধা সহজেই পার হলো লিভারপুল। পুরো খেলায় আলো ছড়িয়েছেন লুই সুয়ারেজ। একটি গোল করেছেন। আর বাকি দু'টি গোল করিয়েছেন ম্যাক্সি রড্রিগুয়েজ ও অ্যান্ডি ক্যারোলকে দিয়ে। তবে ২১ মিনিটে মেইরেলেস চোট নিয়ে মাঠের বাইরে চলে যান। তার জায়গায় খেলতে নামেন ৩৪ মিলিয়ন পাউন্ড মূল্যের ক্যারোল। দুই মিনিট পরই গোলের দেখা পায় অলরেড'রা। জর্ডান জেন্ডারসন বল নিয়ে অ্যান্ডি ক্যারোলকে দিতে চেয়েছিলেন। আগুয়ান গোলরক্ষক আরতুক ক্রাইসিয়াক বল ছিনিয়ে নিতে গিয়ে গোলের রাস্তা বানিয়ে দেন সুয়ারেজকে। খালি গোলপোস্টে বল ঠেলে দিতে কোনো অসুবিধা হয়নি সুয়ারেজের। প্রথমার্ধের বাকি সময় গোল শোধের আশায় দাপিয়ে খেললেও এক্সেটর সিটির সামনে বাধা হয়ে দাঁড়ান লিভারপুল গোলরক্ষক পেপে রাইনা। দ্বিতীয়ার্ধে স্বরূপে হাজির লিভারপুল। সুয়ারেজের নিচু করে আড়াআড়িভাবে দেয়া বল হালকা শটে জালে পাঠিয়ে লিভারপুলকে দুই গোলে এগিয়ে নেন রড্রিগুয়েজ। তিন মিনিট পর আবারো সুয়ারেজের 'পাস', এবার গোলদাতা ক্যারোল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটির সমাপ্তি ওখানেই। খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে দানিয়েল নার্দিলো অবশ্য সান্ত্বনাসূচক গোল করেন এক্সেটররের পক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৯১১ ঘ.