ঢাকা, অগাস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। সোমবার শেষ চারের লড়াইয়ের পাকিস্তানের কাছে ২-০ গোলে হার মানে দলটি।
নেপালের দশরথ স্টেডিয়ামে খেলাটি মনে হচ্ছিল গোলশূন্যভাবে অতিরিক্ত সময়ে গড়াবে। কিন্তু খেলা শেষ হওয়ার মিনিট খানেক আগে ২০ গজ দূর থেকে দুর্দান্ত শট নেন মনসুর খান। বল জড়িয়ে যায় বাংলাদেশের জালে।
অতিরিক্ত সময়ে (৯০ ) শের আলি বক্সের ভেতর পায়ের কাজ দেখিয়ে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠোকেন।
৩,৫০০ দর্শকের উপস্থিতিতে খেলার ৭০ মিনিটে বাংলাদেশ এগিয়ে যাওয়ার চমৎকার একটি সুযোগ পায়। অফসাইডের ফাঁদ এড়িয়ে কাউসার প্রায় বলের কাছে পৌঁছেও যান। কিন্তু তার আগেই গোলরক্ষক উসমান খান বলের উপর ঝাঁপিয়ে পড়েন। সুযোগটি কাজে লাগাতে পারলে হয়তো খেলা শেষে জয়ী দলটির নাম হতো বাংলাদেশ।
ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে অপর সেমিফাইনালে নেপাল ও ভারতের মধে জয়ী দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৬২১ ঘ.
bdnews24