ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেয়েদের বিশ্বকাপ জয়ী জাপানের অধিনায়ক হোমারে সাওয়া দেশে ফিরে বলেছেন, তাদের পরবর্তী লক্ষ্য লন্ডন অলিম্পিকে সোনার পদক জেতা।
মঙ্গলবার দেশে ফেরে জাপান দল। নারিতা বিমানবন্দরে নামলে হাজার হাজার মানুষ তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। মেয়েদের বিশ্বকাপ জয় শুধু জাপানের জন্য নয়, গোটা এশিয়ার জন্য বয়ে এনেছে আনন্দের উপলক্ষ্য।
টোকিওর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লন্ডনে অলিম্পিকের দিকে ইঙ্গিত করে সাওয়া বলেন, "বেশি চাওয়া মানুষের সহজাত প্রবৃত্তি।"
এরপর গলায় ঝোলানো বিশ্বকাপের মেডেলটা দেখিয়ে সাওয়া যোগ করেন, "এই মেডেলটা দেখে আমি অনুভব করছি, আমার পরবর্তী লক্ষ্য অলিম্পিকের সোনার পদক।"
২০০৮ সালের বেইজিং অলিম্পিকে জাপান চতুর্থ হয়েছিল। সেই দলটি তিন বছরের মধ্যে দেশকে উপহার দিল বিশ্বকাপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/০০০১ ঘ.
bdnews24