২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হাম্মামকে সাময়িক বরখাস্তের অধিকার ফিফার নেই'

মোহাম্মদ বিন হাম্মাম এখনো এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রধান পদে বহাল আছেন বলে মনে করছেন কনফেডারেশনের ভারপ্রাপ্ত প্রধান চীনের ঝ্যাং জিলং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 10:23 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোহাম্মদ বিন হাম্মাম এখনো এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রধান পদে বহাল আছেন বলে মনে করছেন কনফেডারেশনের ভারপ্রাপ্ত প্রধান চীনের ঝ্যাং জিলং। বর্তমানে হাম্মামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। চীনের একটি দৈনিকে ঝ্যাং বলেন, "ফিফা বিন হাম্মামকে সাময়িকভাবে বরখাস্ত করলেও তিনিই এখনো এএফসির প্রেসিডেন্ট। তাকে এএফসির দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার কোনো অধিকার ফিফার নেই।" ঝ্যাং এএফসি'র সাবেক প্রধান বিন হাম্মামের সহকারী ছিলেন। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে হাম্মামকে বরখাস্ত করলে মঙ্গলবার ঝ্যাংকে ভারপ্রাপ্ত প্রধান করা হয়। সাবেক ফিফা প্রেসিডেন্ট পদপ্রার্থী বিন হাম্মামের বিরুদ্ধে নির্বাচনে জেতার জন্য ভোট কেনার চেষ্টার অভিযোগ আনা হয়। তাই গত রোববার থেকে ফুটবল সংক্রান্ত কর্মকাণ্ডে হাম্মামকে নিষিদ্ধ করে ফিফা। একদিন পর অবশ্য বিন হাম্মাম জানান, তিনি ফিফার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন। এদিকে বরখাস্ত হওয়ার মাত্র এক ঘন্টা আগে ফিফার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ান বিন হাম্মাম। তিনি ছিলেন সংস্থার বর্তমান প্রেসিডেন্ট সেপ ব্লাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী। ১৯৯৮ সাল থেকে ব্লাটার ফিফা প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৬১৩ ঘ.