ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ফুটবল লিগে শুক্রবার দুই শিরোপা প্রত্যাশী মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব ১-১ গোলে ড্র করেছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি হয়ে ওঠে বেশ উপভোগ্য। বল দখলের ক্ষেত্রে শেখ জামাল কিছুটা এগিয়ে থাকলেও আক্রমণভাগের ব্যর্থতায় জিততে পারেনি তারা। তাই পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় তাদের।
অন্যদিকে মুক্তিযোদ্ধার খেলার ধরন ছিল কিছুটা রক্ষণাত্মক। পাল্টা-আক্রমণই ছিল তাদের কৌশল। তবে সে আক্রমণগুলো শেখ জামালের রক্ষণভাগে এসে থেমে যাচ্ছিল বারবার।
খেলা অমীমাংসিতভাবে শেষ হওয়ায় লাভবান হলো ঢাকা আবাহনী। শেখ জামালের কাছে হেরে শিরোপার লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়ে তারা। কিন্তু এখন ২৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানেই রয়েছে তারা।
পয়েন্ট তালিকায় শীর্ষস্থান এখনো ধরে রেখেছে মুক্তিযোদ্ধা। ১৩ খেলায় দলটির পয়েন্ট ৩২। আর শেখ জামাল সমান খেলায় ২৮ পয়েন্ট নিয়ে রয়ে গেছে তৃতীয় স্থানে।
খেলার ৬১ মিনিটে দলের আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় ফেমি অরুনানির গোলে এগিয়ে যায় শেখ জামাল। মাঠের বাঁ প্রান্ত থেকে আতিকুর রহমান মিশুর হাওয়ায় ভাসানো বল গিয়ে পড়ে ফেমির পায়ে।
ফেমি এতোটাই অরক্ষিত ছিলেন যে, রীতিমতো চিন্তাভাবনা করে শট নেন তিনি। তাই সহজেই বোকা বানাতে পেরেছেন তিনি মুক্তিযোদ্ধার গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্যকে।
এক গোলে পিছিয়ে পড়ার পর খোলস ছেড়ে বেরিয়ে আসে মুক্তিযোদ্ধা। সমতা আনতে মরিয়া হয়ে ওঠে। এর ফল পায় ৭৫ মিনিটে। জাহেদ পারভেজ বক্সের বাইরে থেকে তীব্র শট নেন। গোলরাক্ষক আমিনুল ইসলামের কিছু বুঝে ওঠার আগেই বল আশ্রয় নেয় জালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১১১ ঘ.
bdnews24