২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি 'এল ক্লাসিকো'র মুখোমুখি বিশ্ব

চার দিনের ব্যবধানে আরেকটি এল ক্লাসিকোর মুখোমুখি সারা বিশ্ব। 'কোপা ডেল রে'র ফাইনালে ২০ এপ্রিল বুধবার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 09:31 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার দিনের ব্যবধানে আরেকটি এল ক্লাসিকোর মুখোমুখি সারা বিশ্ব। 'কোপা ডেল রে'র ফাইনালে ২০ এপ্রিল বুধবার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তালায় খেলাটি হবে। স্প্যানিশ লিগে ১৬ এপ্রিল রিয়াল মাদ্রিদের মাঠ বার্নেব্যুতে মুখোমুখি হয়েছিলো বার্সা ও মাদ্রিদ। খেলা ১-১ গোলে ড্র হয়। দুটি গোলই আসে পেনাল্টি থেকে। গোল দুটি করেন দুই দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। লিগে বার্সেলোনার চেয়ে ৮ পয়েন্টে পিছিয়ে আছে রিয়াল মাদ্রিদ। এখনো ৬ খেলা বাকি। তবে লিগ শিরোপা যে রিয়ালের হাতছাড়া হচ্ছে এটা মোটামুটি নিশ্চিত। তাই 'কোপা ডেল রে' শিরোপা জিততে মরিয়া রিয়াল। শনিবার খেলার ৫৩ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদের মাঝমাঠের খেলোয়াড় রাউল আলবিওল। পেনাল্টি থেকে গোল পায় বার্সেলোনা। ওই অবস্থায় ১০ জনের দল নিয়ে বার্সার মত দলের মোকাবেলা করা সত্যিই কঠিন। আর এই কঠিন কাজটিই করেছে রিয়াল মাদ্রিদ। তারা বার্সাকে শুধু ঠেকিয়েই রাখেনি। বরং খেলায় সমতা ফিরিয়ে একটি পয়েন্টও কেড়ে নিয়েছে। আর এটাই রিয়াল মাদ্রিদকে আত্মবিশ্বাসী করে তুলেছে বলে মনে করছেন রিয়াল সমর্থকরা। যদিও এটা মানতে নারাজ বার্সা অধিনায়ক কার্লোস পুয়োল। তিনি বলেন, "আমার মনে হয়না শনিবারের খেলা থেকে তারা কোনো ভাবে অনুপ্রাণিত হতে পারবে। ফাইনাল খেলা সবসময়ই অন্য রকম। আসলে দুটি দলই দারুণ। আমার বিশ্বাস সেরা দুই দলের শিরোপার লড়াইয়ে একটি জমজমাট খেলাই দেখবে বিশ্ব।" তবে চোটের কারণে পুয়োলের বুধবার মাঠে নামা এখনো অনিশ্চিত। ৪-১-২-৩ এই স্টাইলেই দলকে খেলান বার্সা কোচ পেপ গর্দিওলা। বরাবরের মত আক্রমণের দায়িত্বে ভিয়া, মেসি ও পেদ্রো। তবে বার্সার রক্ষণভাগ বেশ রহস্যে ঘেরা। রিয়াল কোচ হোসে মরিনহো দল সাজাবেন ৪-৩-৩ ফর্মুলায়। তবে মাঝমাঠের খেলোয়াড় রাউল আলবিওল লাল কার্ডের কারণে বুধবার মাঠে নামতে পারবেন না। তার জায়গায় লাসানা ডিয়ারা খেলবেন। আর জাভি অ্যালোনসো ও সামি খেদিরা তো আছেনই। সেন্টারে সার্জিও রেমোসের সঙ্গী রিকার্ডো কারভেলহো। রিয়াল মাদ্রিদ ২০০৪ সালে শেষ বারের মত কোপা ডেল রে ফাইনাল খেলেছিলো। সেবার অখ্যাত ডেভিড ভিয়া রিয়াল জারাগোজার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওই মৌসুমে শিরোপা শূন্যই থাকতে হয় রিয়ালকে। এদিকে সর্বশেষ ২০০৯ সালে এই শিরোপা জেতা বার্সেলোনা সর্বোচ্চ ২৫ বার কোপা ডেল রে শিরোপা জিতেছে। কোপা ডেল রে'র বর্তমান চ্যাম্পিয়ন সেভিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৪৩০ ঘ.