ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এনামুল হকের জোড়া গোলের সুবাদে স্বাধীনতা কাপ ফুটবল প্রতিযোগিতায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৪-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। সেই সঙ্গে জায়গা করে নিয়েছে শেষ আটে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার এই খেলায় জেতায় গ্র"প চ্যাম্পিয়ন হয় শেখ জামাল। কোয়ার্টার ফাইনালে দলটির প্রতিপক্ষ 'ডি' গ্র"পের রানার্সআপ ব্রাদার্স ইউনিয়ন।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে শেখ জামাল। তাই গোল পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি দলটিকে। খেলার ৩ মিনিটে দলের আক্রমণভাগের বিদেশি খেলোয়াড় ইমানুয়েল আইয়ুকের গোলে এগিয়ে যায় তারা।
শেখ জামাল দ্বিতীয় গোলের দেখা পায় ২২ মিনিটে। গোল দেন মাঝমাঠের খেলোয়াড় শাকিল আহমেদ।
প্রথমার্ধে এ দুই গোলে এগিয়েছিল শেখ জামাল।
দ্বিতীয়ার্ধেও একই ছন্দে খেলে যায় শেখ জামাল। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও শুরুতে গোল পায় দলটি। ৪৬ মিনিটে ব্যবধান বাড়ান আক্রমণভাগের খেলোয়াড় এনামুল হক। রহমতগঞ্জের কফিনে শেষ পেরেকটি ঠোকেন তিনি ৭৩ মিনিটে।
রহমতগঞ্জের পক্ষে সান্ত্বনার গোল করেন আক্রমণভাগের নাইজেরিয়ার খেলোয়াড় ফেলিক্স। এ গোলটি দেন তিনি খেলার ৫৩ মিনিটে।
গ্র"প পর্বে নিজেদের প্রথম খেলায় শেখ জামাল ৪-২ গোলে হারায় পুরনো ঢাকার দল ফরাশগঞ্জকে। খেলায় দুই গোল করেন ইমানুয়েল আইয়ুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১০৯ ঘ.
bdnews24