২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারকে বিদায় করে শেষ চারে শালকে

চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পয়ন ইন্টার মিলানকে শেষ আট থেকে বিদায় করে দিয়েছে শালকে ০৪। ফিরতি খেলায় রাউলের শালকে জিতেছে ২-১ গোলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2011, 01:13 PM

Updated : 24 Aug 2022, 02:53 PM

ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পয়ন ইন্টার মিলানকে শেষ আট থেকে বিদায় করে দিয়েছে শালকে ০৪। ফিরতি খেলায় রাউলের শালকে জিতেছে ২-১ গোলে। ফলে প্রথম ও ফিরতি, এই দুই খেলা মিলে ৭-৩ গোলে এগিয়ে থাকার সুবাদে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে জায়গা করে নিল জার্মানির দলটি। গত সপ্তাহে সান সিরোতে ইন্টারের বিপক্ষে ৫-২ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে এক পা দিয়ে রেখেছিল শালকে। এরপরও ইন্টার কোচ লিওনার্দো তার ছেলেদের নিয়ে আশায় বুক বেঁধেছিলেন। সেই আশায় পানি ঢেলে দিলেন রাউল আর বেনেডিকি হাওউডস। ইন্টারের পক্ষে একমাত্র গোলটি দেন থিয়েগো মোতা। শুরু থেকেই জার্মানির দলটিকে মনে হয়েছে আত্মবিশ্বাসে ভরপুর। ১৫ মিনিটে রাউল গঞ্জালেসের আক্রমণ কোনো রকমে ঠেকিয়ে প্রথম যাত্রায় ইন্টারকে রক্ষা করেন গোলরক্ষক জুলিয়াস সিজার। এরই মধ্যে একবার স্নেইডারের শটে কেঁপে উঠেছিল শালকের পোস্ট। এরপর শালকের আধিপত্যই চোখে পড়েছে বেশি। খেলার ৪১ মিনিটে রাউলের গোলে এগিয়ে যায় অতিথিরা। হোসে ম্যানুয়েল জোরাডোর বানিয়ে দেয়া বল যখন রাউলের পায়ে আসে, সামনে তখন ইন্টার গোলরক্ষক সিজার পুরোপুরি একা। ৩৩ বছর বয়সী রাউল অবলীলায় কাটালেন তাকে। ফাঁকা গোলপোস্টে বল পাঠিয়ে দিয়ে পেয়ে গেলেন মৌসুমের ১৮তম গোল। ৫০ মিনিটে মোতা ইন্টারের হয়ে গোল শোধ করেন। তারপরও ইন্টারকে উজ্জীবিত মনে হয়নি। বরং শালকে খেলেছে পুরো মাঠ জুড়ে। ৮১ মিনিটে মাঝমাঠ থেকে বল টেনে একাই গোল করে ইন্টারের বিদায় ঘন্টা বাজিয়ে দেন হাওউডস। গতবারের 'ট্রেবল' জয়ী ইন্টার এবার হয়তো কোনো শিরোপাই পাবে না। যদিও সেরি আতে তারা এখনো আশা ছাড়েনি। তবে বাকি ৬ খেলায় এসি মিলানের সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধান ঘুচিয়ে শিরোপা জেতা সহজ হবে না তাদের পক্ষে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে শালকের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৮৫৯ ঘ.