২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান সিটিকে উড়িয়ে দিলো লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সোমবার একমাত্র খেলায় মুখোমুখি হয়েছিল দুই বড় দল লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। অ্যান্ডি ক্যারোলের জোড়া আর ডার্ক কুইটের এক গোলে ম্যান সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2011, 12:36 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) সোমবার একমাত্র খেলায় মুখোমুখি হয়েছিল দুই বড় দল লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। অ্যান্ডি ক্যারোলের জোড়া আর ডার্ক কুইটের এক গোলে ম্যান সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। লিভারপুলের মাঠ 'অ্যানফিল্ডে' ম্যানচেস্টার সিটির অবস্থা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মতোই। ম্যান ইউ চলতি মৌসুমে অলরেডদের মাঠে হজম করেছিল তিন গোল। আর সোমবার সেই খেলারই যেন পুনরাবৃত্তি হলো। পার্থক্য শুধু ৬ মার্চের সেই খেলায় ম্যান ইউ তিন গোল হজম করলেও একটা ফেরত দিয়েছিল। আর ম্যান সিটি কোন গোল না করেই ফিরেছে অ্যানফিল্ড থেকে। মাঠে নামার আগে দু'দলের মানসিক অবস্থা ছিল একবারে বিপরীত। গতসপ্তাহে সান্ডারল্যান্ডকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ম্যান সিটি। আর ওয়েস্ট ব্রমউইচের কাছে ২-১ গোলে হারে লিভারপুল। চলতি মৌসুমের ফলাফল বলছে ,লিভারপুল খুব একটা ভালো দল নয়। ম্যান সিটিও নিশ্চয় সহজ জয়ের আশায় নিয়েই মাঠে নেমেছিল। মূল একাদশের সেরা তিন খেলোয়াড়কে বসিয়ে রেখে দল সাজিয়েছিলেন সিটি কোচ রবার্তো মানচিনি। সামনের শনিবার এফএ কাপের সেমিফাইনালে ম্যান সিটির প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ম্যান ইউ। এটাই হয়তো দলের সেরা খেলোয়াড়দের বসিয়ে রাখার কারণ। তবে এই সিদ্ধান্তের মাশুল গুনতে হলো তাদের। জানুয়ারির দলবদলে ৩৫ মিলিয়ন পাউন্ড খরচে ব্রিটিশ রেকর্ড গড়ে নিউক্যাসল থেকে অ্যান্ডি ক্যারোলকে কিনেছিল লিভারপুল। ইপিএল-এ গোলের খাতা খোলার জন্য ম্যান সিটিকেই বেছে নিলেন লম্বা চুলের আক্রমণভাগের এই খেলোয়াড়। খেলার তখন ১৩ মিনিট। রাউল মেইরেলেসের লম্বা ভলি ফিরিয়ে দেয়ার জন্য লাফিয়ে উঠেছিলেন সিটি খেলোয়াড় ভিনসেন্ট কমপ্যানি। তার বুকে বল লেগে মাটিতে পড়তেই তড়িৎ গতিতে ক্যারোলের আগমন। বল ধরেই তীব্র শট তিনি বল জড়িয়ে দেন ম্যান সিটির জালে। ৩ মিনিট পর হাঁটুতে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান সিটি অধিনায়ক কার্লোস তেভেজ। এই চোটের কারণে ম্যান ইউয়ের বিপক্ষে এফএ কাপের সেমিফাইনাল খেলাতেও তিনি অনিশ্চিত হয়ে পড়লেন। দলের সেরা খেলোয়াড়ের অনুপস্থিতিতে এরপর একেবারেই গুটিয়ে যায় ম্যান সিটি। ম্যান ইউয়ের বিপক্ষে হ্যাট্রিক পাওয়া ডার্ক কুইট ৩৪ মিনিটে গোল করলে ২-০ তে এগিয়ে যায় অলরেডরা। অল্প কয়েক সেকেন্ড পরে তৃতীয় গোলের দেখা পায় লিভারপুল। আবারও রাউল-ক্যারোল জুটির আক্রমণ এবং পেনাল্টি বক্সের কাছ থেকে ক্যারোলের নেয়া শটে পরাস্ত হন ম্যান সিটি গোলরক্ষক জোয়ে হার্ট। ফলে খেলার ৩৫ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। বড় ব্যবধানে এগিয়ে থাকার সুবিধা নিয়ে দ্বিতীয়ার্ধে এসে রক্ষণাত্মক ফুটবল খেলা শুরু করে লিভারপুল। ফলে ম্যান সিটি আর সুবিধা করতে পারেনি। উল্লেখযোগ্য আক্রমণ বলতে, ইয়া ইয়া তোরের শট পেপে রাইনা ফিরিয়ে দিলে গোল শোধ করা হয়নি ম্যান সিটির। আর ৮৭ মিনিটে ক্যারোলের 'হেড' সিটির পোস্টের ওপর দিয়ে বাইরে চলে যায়। লিভারপুলের শিরোপা স্বপ্ন ধূলিসাৎ হয়েছে অনেক আগে। এখন শুধু প্রয়োজন প্রথম চারে থেকে মৌসুম শেষ করা। তা না হলে পরের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগেও খেলা হবে না তাদের। লিগের বাকী রয়েছে ৬ ম্যাচ। ৩২ খেলায় ৪৮ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে ষষ্ঠ স্থানে । সমানসংখ্যক খেলায় তৃতীয় স্থানে থাকা ম্যান সিটির পয়েন্ট ৫৬। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৮২৬ ঘ.