ঢাকা, মার্চ ২৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক প্রীতি ফুটবল খেলায় শনিবার আর্জেন্টিনাকে ১-১ গোলে রুখে দিয়েছে যুক্তরাষ্ট্র । আর পতুর্গাল একই ব্যবধানে ড্র করেছে চিলির সঙ্গে।
জাভিয়ার হার্নান্দেজের জোড়া গোলে মেক্সিকো ৩-১ গোলের সহজ জয় পেয়েছে প্যারাগুয়ের বিপক্ষে। কলম্বিয়া ২-০ গোলে হারিয়েছে ইকুয়েডরকে। বিশ্বকাপে অসাধারণ খেলা উরুগুয়ে ২-০ গোলে হেরেছে এস্তোনিয়ার কাছে।
নিউজিল্যান্ড ও চীনের মধ্যকার খেলা ১-১ গোলে ড্র হয়েছে।
আর্জেন্টিনা ও যুক্তরাষ্ট্রেরখেলায় প্রথমার্ধে প্রাধান্য ছিল আর্জেন্টিনার। মেসিবাহিনী এ সময় যুক্তরাষ্ট্রকে একটা সাধারণ মানের দল বানিয়ে দিয়েছিল। একের পর এক আক্রমণে পর্যুদস্ত ছিলো দলটি। কিন্তু দক্ষ 'ফিনিশার' এর অভাবে একটির বেশি গোল আদায় করতে পারে নি।
৪১ মিনিটে এস্তেবান ক্যাম্বিয়াসো গোলটি করেন। মেসি-লাভেজ্জি বল আদান-প্রদান করে ঢুকে পড়েন প্রতিপক্ষের বক্সে। আলতো পায়ে মেসি বল তুলে দেন ক্যাম্বিয়াসোর পায়ে। খালি পোস্টে বল ঢুকিয়ে দেন ক্যাম্বিয়াসো।
যারা প্রথমার্ধে ঠিকভাবে বলই পাচ্ছিলো না, সেই যুক্তরাষ্ট্রই দ্বিতীয়ার্ধে হয়ে উঠে অপ্রতিরোদ্ধ। ৫৯ মিনিটে তারা গোল করে সমতা ফেরায় তারা। তারকা খেলোয়াড় ল্যান্ডন ডনোভানের বাড়িয়ে দেয়া বল 'হেড' করেন কালোর্স বোকানেগ্রা। আর্জেন্টিনার গোলরক্ষক মারিয়ানো আন্দুজার কোনমতে বলটি রক্ষা করেন। সেই বল গিয়ে পড়ে ১৮ বছর বদলি খেলোয়াড় জুয়ান এগুদোলার পায়ে। আলতো ছোঁয়ায় তিনি বল জড়িয়ে দেন আর্জেন্টিনার জালে।
পর্তুগাল-চিলির খেলাতেও ছিল মোটামুটি একই চিত্র। পর্তুগালের দাপট, এক গোলে এগিয়ে যাওয়া। পরবর্তীতে গোল হজম করে ড্র করে মাঠ ছাড়া।
রোনালদোবিহীন পর্তুগাল ১৬ মিনিটে এগিয়ে যায় সিলভারস্ট্রে ভারেলার গোলে। ৪-৩-৩ পদ্ধতিতে খেলতে থাকা পর্তুগীজরা প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট চারেক আগে হঠাৎই গোল হজম করে। মার্টিনেজ ফারনান্দেজের অসাধারণ ফ্রি-কিকে সমতা ফেরায় চিলি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএনএম/২০২৩ ঘ.
bdnews24