২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুইটের হ্যাট্রিকে ম্যান ইউ'র আত্মসমর্পণ

ডার্ক কুইটের হ্যাট্রিকের সুবাদে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। টটেনহাম হটস্পারকে ৩-৩ গোলে রুখে দিয়েছে পয়েন্ট তালিকার নিচের সারির দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2011, 08:18 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

ঢাকা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডার্ক কুইটের হ্যাট্রিকের সুবাদে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। টটেনহাম হটস্পারকে ৩-৩ গোলে রুখে দিয়েছে পয়েন্ট তালিকার নিচের সারির দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার নিজেদের মাঠ অ্যানফিল্ডে শুরু থেকেই ম্যান ইউকে চেপে ধরে লিভারপুল। ম্যান ইউয়ের জালে তিনবার বল জড়ান ডার্ক কুইট। অতিরিক্ত সময়ে (৯০ ) অতিথি দলের হয়ে বদলি খেলোয়াড় হাভিয়ের হার্নান্দেজ একটি গোল শোধ করেন। ডার্ক কুইট অবশ্যই ভালো খেলেছেন। তবে তাকে ছাপিয়ে গেছেন লুই সুয়ারেজ। তিনটি গোলের মধ্যে প্রথম ও শেষেরটির জন্য বল বানিয়ে দেন তিনি কুইটকে। আর মাঝের গোলের 'কারিগর' ম্যান ইউ'র ন্যানি! বক্সের মধ্য থেকে বিপদমুক্ত করতে গিয়ে পারেননি। তার মাথায় লেগে বল চলে যায় বক্সের বাঁ প্রান্তে ফাঁকায় দাঁড়ানো কুইটের কাছে। গোলরক্ষক ফন ডার সার তখন গোলপোস্টের ডান প্রান্তে। আলতো করে মাথা দিয়ে ম্যান ইউয়ের জালে বল জড়িয়ে দেন সুযোগ সন্ধানী কুইট। খেলার তখন ৩৯ মিনিট। এর পাঁচ মিনিট আগে দলের পক্ষে প্রথম গোল করেন কুইট। বক্সের মধ্যে ম্যান ইউ'র তিন খেলোয়াড়কে কাটিয়ে ২০১০ সালের বিশ্বকাপে উরুগুয়ের 'চমক' লুই সুয়ারেজ বল ঠেলে দেন কুইটের কাছে। তার শট জালে আশ্রয় নেয়ার সঙ্গে সঙ্গে আনন্দে নেচে ওঠে অ্যানফিল্ডের লিভারপুল সমর্থকরা। খেলার ৬৫ মিনিটে কুইট আরেকবার লজ্জা দেন ম্যান ইউকে। লুই সুয়ারেজের ফ্রি-কিক ফন ডার সারের হাত ফস্কে বেড়িয়ে যায়। সঙ্গে সঙ্গে হাজির কুইজ। বল জালে পাঠিয়ে হ্যাট্রিক করেন তিনি। এই হার শিরোপা জয়ের পথে রেড ডেভিলসদের জন্য নিঃসন্দেহে বড় একটা বড় আঘাত। লিগে খেলা বাকি মাত্র ৯টি। এ অবস্থায় ম্যান ইউ'র পয়েন্ট ২৯ খেলায় ৬০। আর্সেনালের সংগ্রহ ৫৭। যদিও এক ম্যাচ কম খেলেছে দলটি। ১৯ মার্চ ওয়েস্ট ব্রমউইচকে হারালে ম্যান ইউ'র কাতারে চলে আসবে গানার্সরা। ২৯ খেলায় ৪২ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে ষষ্ঠ স্থানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/১৭১৩ ঘ.