ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুইডেনের সঙ্গে মঙ্গলবার প্রীতি খেলায় ইংল্যান্ড ৪৩ বছর পর শুধু জেতেইনি, সৃষ্টি করেছে মনে রাখার মতো বেশ কয়েকটি নজীরও। স্পর্ষ করেছে দুই হাজারতম গোলের মাইলফলক। বছর শেষ করছে অপরাজিত থেকেও।
ওয়েম্বলিতে পুরো খেলায় একটি মাত্র গোল হয়েছে। আর ২২ মিনিটের সেই গোলের পাশে নাম লেখা হয়েছে ইংল্যান্ডের গ্যারেথ ব্যারির। কিন্তু টেলিভিশন-চিত্রে দেখা যায় স্টুয়ার্ট ডাউনিংয়ের আড়াআড়িভাবে দেয়া বলে ব্যারির 'হেড' সুইডেনের রক্ষণভাগের খেলোয়াড় দানিয়েল মাস্ত্রভিচের মাথা-ছুঁয়ে অতিক্রম করে যায় গোল-লাইন।
গোলদাতা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু ১৯৯৪ সালের পর এই প্রথমবারের মতো পুরো বছরে হারের তিক্ত স্বাদ নিতে হলো না ইংল্যান্ডকে।
খেলায় ফ্যাবিও ক্যাপেলোর দল যে জিতবে, সে ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। কেননা শুরু থেকেই তার খেলোয়াড়রা চেপে ধরেছিল সুইজারল্যান্ডকে। একই সঙ্গে আগামী বছরের ইউরোপিয় চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে ক্যাপেলোও সমানে চালিয়ে গেছেন তার পরীক্ষা-নিরীক্ষা।
তিনদিন আগে স্পেনের বিপক্ষে খেলার সময় তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামিয়েছিলেন আটজনকে।
খেলা শেষে ক্যাপেলো বলেন, "আমি অনেক কিছু বুঝে নিলাম। কঠিন দুটো দলের বিপক্ষে কয়েকজন খেলোয়াড়কে যাচাই করে দেখা প্রযোজন ছিল।"
"আমি আমার পরীক্ষা-নিরীক্ষায় খুশি হয়েছি। কারণ ফলাফল ইতিবাচক," যোগ করেন তিনি।
অন্যান্য খেলায় যুক্তরাষ্ট্র ৩-২ গোলে স্লোভেনিয়াকে, ইউক্রেন ২-১ গোলে অস্ট্রিয়াকে, ডেনমার্ক ২-১ গোলে ফিনল্যান্ডকে, সুইজারল্যান্ড ১-০ গোলে লুক্সেমবার্গকে, রোমানিয়া ৩-১ গোলে গ্রিসকে, পোল্যান্ড ২-১ গোলে হাঙ্গেরিকে, উরুগুয়ে ১-০ গোলে ইতালিকে ও জার্মানি ৩-০ গোলে নেদারল্যান্ডসকে হারায়।
এছাড়া স্পেন ও কোস্টারিকার খেলা ২-২ গোলে ড্র হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৩১ ঘ.
bdnews24