২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুনিকে ক্যাপেলোর হুঁশিয়ারি

নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েইন রুনির জাতীয় দলে ফেরা তেমন সহজ হবে না বলে জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের কোচ ফ্যাবিও ক্যাপেলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 03:28 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েইন রুনির জাতীয় দলে ফেরা তেমন সহজ হবে না বলে জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের কোচ ফ্যাবিও ক্যাপেলো। মন্টেনেগ্রোর বিপক্ষে শুক্রবার ইউরো বাছাই পর্বের খেলায় লাল কার্ড দেখেন রুনি। সেজন্য এক বা দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি। তাছাড়া মাঠে অখেলোড়াসুলভ আচরণের জন্য উয়েফার শৃঙ্খলা কমিটি তার নিষেধাজ্ঞা আরো এক ম্যাচে বাড়াতে পারে। ইংল্যান্ডের সংবাদ মাধ্যমকে ক্যাপেলো জানিয়েছেন, আগামী বছর ইউরোর চূড়ান্ত পর্বের আগে কোনো প্রস্তুতি ম্যাচেরই প্রথম একাদশে রুনিকে খেলানোর পরিকল্পনা তার নেই। এমনকি ওয়েম্বলিতে আগামী মাসে স্পেনের বিপক্ষে অনুষ্ঠেয় প্রীতি ম্যাচেও রুনিকে মাঠে নামাবেন না ইংল্যান্ডের কোচ। ক্যাপেলো বলেন, "রুনি স্পেনের বিপক্ষে খেলবেন না। আমি তরুণ খেলোয়াড়দের দেখে নিতে চাই। এর পরের ম্যাচগুলোতে তাকে দ্বিতীয়ার্ধে নামাতে পারি। কিন্তু শুরুতে কখনোই নয়। আমাদের ইউরোর চূড়ান্ত পর্বে নিজেদের প্রথম ম্যাচের প্রথম একাদশ প্রস্তুত করতে হবে।" "আমার হাতে এই মুহূর্তে বেশ কয়েকজন ভালো ফরোয়ার্ড আছেন। আমি খেলোয়াড় নির্বাচন করবো, নাম নয়, " যোগ করেন ক্যাপেলো। নিজের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, "আমি সব সময় সেরা খেলোয়াড়দের নির্বাচন করার চেষ্টা করি। যদিও মাঝে-মাঝে ভুল করে ফেলি।" "অন্যরা ভালো খেললে আমি রুনিকে বাইরেই রাখবো। আগেও আমি অনেক ভালো খেলোয়াড়কে বেঞ্চে বসিয়ে রেখেছি," যোগ করেন ক্যাপেলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২৩ঘ.