২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থের জন্যই রাশিয়ায় এতো!

রাশিয়ার অখ্যাত ক্লাব আনঝি মাখাচকালায় যোগ দিয়ে রীতিমতো হৈ-চৈ ফেলে দিয়েছেন স্যামুয়েল এতো। এ ব্যাপারে বেশ কিছু দিন চুপচাপ থাকার পর জানালেন, অর্থের জন্যই রাশিয়ায় গেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 05:16 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাশিয়ার অখ্যাত ক্লাব আনঝি মাখাচকালায় যোগ দিয়ে রীতিমতো হৈ-চৈ ফেলে দিয়েছেন স্যামুয়েল এতো। এ ব্যাপারে বেশ কিছু দিন চুপচাপ থাকার পর জানালেন, অর্থের জন্যই রাশিয়ায় গেছেন তিনি। গত অগাস্টে মাখাচকালার সঙ্গে তিন বছরের চুক্তি করেন এতো। চুক্তি অনুযায়ী প্রতিবছর এক কোটি ইউরো পাবেন তিনি। ক্লাব ফুটবলের ইতিহাসে এটাই সর্বোচ্চ পারিশ্রমিক। যদিও অনেক ফুটবল বিশেষজ্ঞ এতোর রাশিয়ায় পাড়ি জমানোর বিষয়টি মেনে নিতে পারেননি। তাদের কেউ কেউ সমালোচনা করে বলেছেন এতোর রাশিয়ায় যাওয়ার পেছনে অর্থই প্রধান কারণ। এ ব্যাপারে এত দিন কোনো কথা বলেননি ক্যামেরুনের তারকা ফরোয়ার্ড। অবশেষে মুখ খুলেছেন তিনি। স্পেনের ক্রীড়াদৈনিক 'এএস'কে এতো বলেন, "প্রস্তাবটা ভালো ছিলো বলেই আমি তা গ্রহণ করেছি। সবাই অর্থের জন্য খেলে। যে খেলোয়াড় এটা স্বীকার করবেন না তিনি কাপুরুষ ছাড়া আর কিছুই নন।" রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, এসি মিলান, ইন্টার মিলানের মতো বিখ্যাত ক্লাবে খেললেও ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত মায়োর্কার হয়ে খেলার স্মৃতিই তার কাছে সবচেয়ে উজ্জ্বল। সে সময় স্পেনের দলটির কোচ ছিলেন লুই আরাগোনেজ। এতোর মতে তিনিই সর্বকালের সেরা কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, "আমার চোখে লুই আরাগোনেজই সর্বকালের সেরা কোচ। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আর এ মুহূর্তে সেরা কোচ হলেন হোসে মরিনহো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২২১৩ঘ.