ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা ফুটবল লিগে পুল জটিলতার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা কমিটিকে দায়ী করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক কামরুন্নাহার ডানা। এজন্য তিনি এই কমিটিকে ব্যর্থও বলেছেন।
মোহামেডানের বিরুদ্ধে পুলের ২ জন খেলোয়াড় বেশি নিবন্ধন করানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার ফরাশগঞ্জের বিপক্ষে ১২-০ গোলে জেতার পর এই অভিযোগ ওঠে। নিয়ম অনুযায়ী একটি দলে পুলের ৭ জন খেলোয়াড় রাখা যায়। কিন্তু মোহামেডান নিয়েছে ৯ জন। বাফুফের পাঠানো ৩১ জনের তালিকায়ও দেখা গেছে পুলের ৯ জনই আছেন সাদা-কালো শিবিরে।
এ ব্যাপারে ডানা বলেন, "বাফুফের পাঠানো সর্বশেষ তালিকা দেখেই আমরা খেলোয়াড় নিবন্ধন করেছি। মোহামেডান ক্লাব কোনো ভুল করেনি। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে বাফুফের কর্মকর্তারাই তা করেছেন।"
একই সঙ্গে পুলের তালিকার বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন সাবেক ব্যাডমিন্টন তারকা ও জাতীয় পুরস্কার পাওয়া ডানা। তিনি বলেন, "সর্বশেষ জাতীয় দল দেখে পুলের তালিকা তৈরি করা হয়নি। শেখ জামালের তিনজন খেলোয়াড় অলিম্পিক প্রাক-বাছাইপর্বে খেললেও তাদের পুলের আওতায় রাখা হয়নি। কারণ ঐ ক্লাবের এক কর্মকর্তা এখন মহিলা ফুটবল কমিটিতে আছেন।"
গত বছর অলিম্পিক প্রাক-বাছাইপর্বে মহিলা ফুটবল দলে থাকা শারমিন, পুতুল ও মলিকে পুলে রাখা হয়নি। তারা এখন শেখ জামালের খেলোয়াড়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডানা বলেন, "তারা নিজেদের স্বর্থের কথা চিন্তা করেই পুলের তালিকা তৈরি করেছে।"
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) ভবনে সাংবাদিকদের কাছে এ সংক্রান্ত তথ্যপ্রামাণাদি দিয়ে তিনি বলেন, "বাফুফের এই ব্যর্থ মহিলা কমিটির বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেয়া উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনারও উচিত এ ব্যাপারে নজর দেয়া।"
"তা না হলে ফুটবলের ভাবমূর্তি নষ্ট হবে। মহিলা ফুটবলও ক্ষতিগ্রস্ত হবে," যোগ করেন ডানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪৬ঘ.
bdnews24