ঢাকা, ০৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবার ফুটবলে ফিরছে ঢাকার মাঠের এক সময়ের সাড়া জাগানো দল বিজেএমসি । বুধবার বাংলাদেশ লিগের জন্য ১৫ জন খেলোয়াড়কে নিবন্ধন করিয়েছে তারা।
স্বাধীনতার পর দুবার প্রথম বিভাগ লিগে চ্যাম্পিয়ন হলেও ২৭ বছর আগে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল বিজেএমসি। দুই যুগেরও বেশি সময় পর আবার তারা ফিরলেও দল গঠনে তেমন চমক দেখাতে পারেনি। ফুটবল-জীবনের শেষ লগ্নে চলে আসা স্ট্রাইকার আলফাজ আহমেদ তাদের সবচেয়ে বড় তারকা। ১৫ লাখ টাকা পাওয়া আলফাজই বিজেএমসির সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার ।
উল্লেখযোগ্য অন্য খেলোয়াড়দের মধ্যে আছেন মিডফিল্ডার আবুল হোসেন, আব্দুল্লাহ পারভেজ ও রনি ইসলাম এবং ডিফেন্ডার অমিত খান শুভ্র , সানি ও আরাফাত রনি।
গোলরক্ষণকে মনে করা হচ্ছে বিজেএমসির সবচেয়ে শক্তিশালী বিভাগ। জাতীয় দলে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ তিন গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল, মোহাম্মদ নেহাল ও আতিকুল ইসলাম তারেককে দলে নিয়েছে তারা।
প্রথম বারের মতো বাংলাদেশ লিগে অংশ নিতে যাওয়া বিজেএমসির লক্ষ্য সেরা তিন দলের মধ্যে থাকা। দলটির ক্রীড়া বিষয়ক পরিচালক আরিফ খান জয় বলেন, "কাগজে কলমে হয়তো আমরা সেরা দল গড়তে পারিনি। তবে মাঠের লড়াইয়ে ভালো কিছু করে দেখাবো। তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে দল গড়া হয়েছে। আমার বিশ্বাস খেলোয়াড়রা আমাদের হতাশ করবেন না।"
অবশ্য ফুটবলে দীর্ঘদিন পর ফিরলেও তাদের প্রত্যাবর্তনটা প্রশ্নবিদ্ধ। দ্বিতীয় স্তরে না খেলেই সরাসরি বাংলাদেশ লিগের মূল স্তরে খেলার সুযোগ পাচ্ছে তারা। যা নিয়ে বিতর্কও শুরু হয়ে গেছে ফুটবলাঙ্গনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২২০০ঘ.
bdnews24