ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম মহিলা ফুটবল লিগে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে বিশাল ব্যবধানে হারিয়েছে মোহামেডান স্পোার্টিং ক্লাব লিমিটেড। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাহমুদা শরিফার ডাবল হ্যাটট্রিক এবং সুইনু প্র" মারমার হ্যাটট্রিকসহ চার গোলে মোহামেডান জিতেছে ১২-০ গোলে।
বিজয়ী দলের বাকি গোল দুটি করেন মাইনু প্র" মারমা ও সুরভী আক্তার ইতি।
প্রথমার্ধে ৫-০ গোলে এগিয়ে ছিলো মোহামেডান। দ্বিতীয় মিনিটেই শরিফা এগিয়ে দেন ঐতিহ্যবাহী দলটিকে। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুনও করেন শরিফাই। চার মিনিট পর হ্যাটট্রিকও করে ফেলেন তিনি।
প্রথমার্ধে আরও দুই গোল পেয়ে যায় শিরোপা প্রত্যাশী দলটি। ২৫ মিনিটে ইতি এবং ৩২ মিনিটে সুইনু করেন গোল দুটি।
দ্বিতীয়ার্ধের গোলের সূচনাও শরিফার মাধ্যমে। ৪৮ মিনিটে নিজের চতুর্থ এবং দলের ষষ্ঠ গোল করেন তিনি। এর পর শুরু হয় সুইনুর গোল উৎসবে মেতে ওঠার পালা। ৫৭ ও ৬৯ মিনিটে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ন করেন জাতীয় দলের এই স্ট্রাইকার। এরপর ৭৪ মিনিটে আরো একটি গোল করেন তিনি।
তার ঠিক দু মিনিট আগে মাইনু পেয়ে যান ম্যাচে নিজের একমাত্র গোলটি। ৮২ ও ৯০ মিনিটে শরিফা আরও দুই গোল করে ডাবল হ্যাটট্রিক করার পাশাপাশি দলকে এনে দেন এক ডজন গোলে জয়ের আনন্দ।
তবে মোহামেডানের এত বিশাল জয় নিষ্কলঙ্ক থাকেনি। তাদের বিরুদ্ধে পুলের দুজন খেলোয়াড় বেশি রাখার অভিযোগ করেছে ফরাশগঞ্জ। নিয়ম অনুযায়ী একটি দলে পুলের ৭ জন খেলোয়াড় রাখা যায়। কিন্তু মোহামেডান নিয়েছে ৯ জন। বাফুফের পাঠানো ৩১ জনের তালিকায়ও দেখা গেছে পুলের ৯ জনই আছেন সাদা-কালো শিবিরে।
এ সম্পর্কে মোহামেডানের অন্যতম পরিচালক কামরুন্নাহার ডানা বলেন, "পুলের নতুন তালিকায় মাহমুদা শরিফা ও রেহানা খাতুন হেনা নেই। তাই আমরা তাদের দলে নিয়েছি।"
শুধু মোহামেডান নয়, লিগের শুরুতে বাফুফেও কিছুটা বিড়ম্বনার সামনে। ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব নাম প্রত্যাহার করে নিয়েছে প্রতিযোগিতা থেকে। তাই ৮ নয়, ৭টি দল নিয়ে হতে যাচ্ছে প্রথম মহিলা ফুটবল লিগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০৩৮ঘ.
bdnews24