ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় সামার অ্যাথলেটিক্স মিটের প্রথম দিনেই সবাইকে চমকে দিয়েছেন বাংলাদেশ আনসারের শামসুন্নাহার চুমকী। ২০০ মিটার দৌড়ে গত আট বারের সোনা জয়ী বিজেএমসির নাজমুন নাহার বিউটিকে হারিয়ে দিয়েছেন তিনি।
রোববার বিউটি হেরে গেলেও ঠিকই ঔজ্জ্বল্য ছড়িয়েছেন সুমিতা রানী দাস। ১০০ মিটার হার্ডলসে বাংলাদেশ জেলের হয়ে সোনা জিতে নিজের শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন রেখেছেন তিনি। এই ইভেন্টে বিজেএমসির মুক্তা রুপা ও আনসারের জেসমিন জিতেছেন ব্রোঞ্জ।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠানরত এই প্রতিযোগিতার প্রথম দিনে প্রাধান্য ছিলো বিজেএমসি ও বাংলাদেশ সেনাবাহিনীর। দু দলই ৩টি করে সোনা জিতেছে। সবচেয়ে বেশি ১০টি পদক জিতে সবার ওপরে আছে বিজেএমসি। একটি পদক কম নিয়ে সেনাবাহিনীর অবস্থান দ্বিতীয়।
এছাড়া বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দুটি এবং বাংলাদেশ আনসার, বাংলাদেশ বিমানবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ জেল জিতেছে একটি করে সোনা।
রোববার সোনা বিজয়ী অন্য অ্যাথলেটরা হলেন ২০০ মিটার দৌড়ে (পুরুষ) সেনাবাহিনীর খলিলুর রহমান, ৪০০ মিটার হার্ডলসে (পুরুষ) বিমানবাহিনীর আফজাল হোসেন, ডিসকাস থ্রোতে (পুরুষ) সেনাবাহিনীর কমল কান্ত রায়, ট্রিপল জা¤েপ (পুরুষ) বিকেএসপির মেজবাহ আহমেদ, বর্শা নিক্ষেপে (মহিলা) বিজেএমসির হাজেরা আক্তার, লং জাম্পে (মহিলা) বিকেএসপির তাসলিমা আক্তার মনি, ৮০০ মিটার দৌড়ে (মহিলা) বিজেএমসির মেরুনা, ১৫০০ মিটার দৌড়ে (পুরুষ) সেনাবাহিনীর শহিদুল ইসলাম, ডিসকাস থ্রোতে (মহিলা) বিজেএমসির জ্যোৎস্না আফরোজ এবং হাই জাম্পে (পুরুষ) নৌবাহিনীর সজিব হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২১৪৭ঘ.
bdnews24