ঢাকা, অক্টোবর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুন্ডেসলিগায় শনিবার বায়ার লেভারকুসেন ৩-১ গোলে উলফসবার্গকে হারিয়েছে। হার্থা বার্লিন ৩-০ গোলে জিতেছে কোলোনের বিপক্ষে। বরুসিয়া ডর্টমুন্ড ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে এফসি অগসবার্গকে। এছাড়া বায়ার্ন মিউনিখ ও হফেনহেইমের খেলা ০-০ গোলে অমীমাংসিত থাকে।
নিজেদের মাঠ বে অ্যারেনায় ১৪ মিনিটে লেভারকুসেনকে এগিয়ে নেন গঞ্জালো ক্যাস্ট্রো। ৫৯ মিনিটে খেলায় সমতা ফেরান মারিও মান্দজুকিচ। ৬৫ মিনিটে ইরেন দারদিয়কের গোলে আবারো এগিয়ে যায় লেভারকুসেন। ৮৫ মিনিটে দলের জয় নিশ্চিত করেন স্টেফান।
ঘরের মাঠে প্রথমার্ধেই তিন গোল করে হার্থা। পিয়েরে লাসোগা দুই গোল করেন ১৪ ও ২৬ মিনিটে। ৩৪ মিনিটে অপর গোলটি করেন রাফায়েল আরাউজো।
ডর্টমুন্ডের মাঠে হ্যাট্রিক করেন রবার্ট লেওয়ান্দোস্কি। গোল তিনটি করেন তিনি ৩০, ৪৪ ও ৭৮ মিনিটে। অপর গোলটি করেন মারিও গোটেজ ৭৫ মিনিটে।
আট খেলায় ১৩ পয়েন্ট নিয়ে লেভারকুসেন আছে সপ্তম স্থানে। সমান খেলায় ডর্টমুন্ডেরও পয়েন্ট ১৩। তবে গোল ব্যাবধানে এগিয়ে থাকায় দলটি আছে চতুর্থ স্থানে। ১৩ পয়েন্ট নিয়ে হফেনহেইম আছে ছয় নম্বরে। ১২ পয়েন্ট হার্থার। দলটি আছে নয় নম্বরে।
আর পয়েন্ট তালিকার শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। দলটির পয়েন্ট আট খেলায় ১৯।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/১১০৫ ঘ.
bdnews24