২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানচিনির পাশে ফার্গুসন

ম্যানচেস্টার সিটির ম্যানেজার রবার্তো মানচিনির সঙ্গে কথার যুদ্ধে প্রায় লিপ্ত হতে দেখা যায় তার নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2011, 05:43 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ঢাকা, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যানচেস্টার সিটির ম্যানেজার রবার্তো মানচিনির সঙ্গে কথার যুদ্ধে প্রায় লিপ্ত হতে দেখা যায় তার নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনকে। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা। কার্লোস তেভেজ বিতর্কে মানচিনির পাশে এসে দাঁড়িয়েছেন ফার্গুসন। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মঙ্গলবারের খেলায় মানচিনির খেলতে বলার পরও বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে অস্বীকার করায় দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ করা হয় তেভেজকে। এতে ভীষণ রেগে যান ম্যান সিটি কোচ। বলেন, "আমার সঙ্গে তেভেজের পথ চলা এখানেই শেষ।" ক্লাবেও তার দিন শেষ হয়ে গেছে বলে তিনি সাফ জানিয়ে দেন। এসব বিষয় এখন খতিয়ে দেখা হচ্ছে। ২০০৯ সালের গ্রীষ্মে ম্যান সিটিতে যোগ দেয়ার আগে ম্যান ইউয়ে ফার্গুসনের অধীনে খেলতেন আর্জেন্টিনার আক্রমণভাগের এই খেলোয়াড়। ফার্গুসনকে তার সাবেক খেলোয়াড় সম্পর্কে সূনির্দিষ্ট মন্তব্য করতে কোনোভাবে রাজি করানো সম্ভব হয়নি। তবে তিনি এ কথা স্পষ্ট করে দেন যে, তেভেজকে নিয়ে বিতর্কে মানচিনির প্রতি তার পুরো সমর্থন রয়েছে। তিনি যেভাবে দল পরিচালনা করছেন তাতে তিনি মুগ্ধও। ফার্গুসনের নিজের কথায়, "আসলে তেভেজকে নিয়ে আমার বলার কিছু নেই। তবে এ ঘটনার মধ্য দিয়ে মানচিনির চারিত্রিক দৃঢ়তা ও দল পরিচালনা করার শক্তিই প্রকাশিত হয়েছে।" বর্তমানে দল পরিচালনা করার ক্ষেত্রে একে তিনি মূল বিষয় বলে উল্লেখ করেন। "দল পরিচলনা করতে গিয়ে আমাদের সবাইকে বিভিন্ন ধরনের অসুবিধার মুখোমুখি হতে হচ্ছে। আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে-এজন্য একজন শক্ত লোকের দরকার," যোগ করেন তিনি। এরপর সাফ জানিয়ে দেন, একটি ফুটবল দলে কোচের চেয়ে গুরুত্বপূর্ণ আর কেউ হতে পারে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১২৮ ঘ.