ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংলিশ প্রিমিয়ার লিগে দিনকাল ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। এ অবস্থায় বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ভালেন্সিয়ার মুখোমুখি হতে যাচ্ছে স্যার অ্যালেক্স ফার্গুসনের দল।
লিওনেল মেসিবিহীন বার্সেলোনার প্রতিপক্ষ রাশিয়ার রুবেন কাজান। আর বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান খেলবে জার্মানির ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে।
অন্যান্য খেলায় মুখোমুখি হবে টটেনহ্যাম হটস্পার ও এফসি টোয়েন্টি, হ্যাপোল তেলআবিব ও লিঁও, শালকে জিরো ফোর ও বেনফিকা, রেঞ্জার্স ও বারসাসপোর এবং প্যানাথিনাইকস ও এফসি কোপেনহেগেন।
চোট পাওয়ায় ম্যান ইউ'য়ের বেশ কয়েকজন খেলোয়াড় মাঠের বাইরে রয়েছেন। এ খেলায় তারা পাচ্ছে না দুই সেরা তারকা ওয়েন রুনি ও রায়ান গিগসকে। আগে থেকেই চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন আন্তোনিও ভ্যালেন্সিয়া, ওয়েন হারগ্রিভস এবং মাইকেল ক্যারিক।
এদিকে লা লিগায় ভালোই শুরু করেছে ভালেন্সিয়া। পাঁচ খেলায় চার জয় নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম খেলায় তারা বারসাসপোরকে ৪-০ গোলে হারায়।
বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলান নিজেদের মাঠ সানসিরোতে খেলবে ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে। ইতালির সেরি 'আ' তে সর্বশেষ ম্যাচে এএস রোমার কাছে হেরে কিছুটা চাপের মধ্যে রয়েছে রাফায়েল বেনিতেজের দল। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে ওলন্দাজ দল এফসি টোয়েন্টির সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ইন্টার।
চোট সমস্যায় রয়েছে ইন্টারও। দলের দুই সেরা তারকা দিয়েগো মিলিতো এবং গোরান পান্ডেভ মাঠে নাও নামতে পারেন। চোটের কারণে আগে থেকেই দলে নেই নিয়মিত অধিনায়ক হাভিয়ের জানেত্তি, মাঝমাঠের খেলোয়াড় থিয়াগো মোত্তা, রক্ষণভাগের খেলোয়াড় ওয়াল্টার স্যামুয়েল এবং মার্কো মাতেরাজ্জি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এনআই/২০০০ ঘ.
bdnews24