ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপের ফুটবলে গত কিছুদিন ধরেই গুঞ্জন ছিল-বার্সেলোনায় নাম লেখাতে যাচ্ছেন সিসে ফ্যাব্রিগাস। কিন্তু শনিবার নিশ্চিত হলো পুরনো ক্লাব আর্সেনালেই থাকছেন স্পেনের এই তারকা।
অনিশ্চয়তার ইতি টেনে বিশ্বচ্যাম্পিয়ন দলটির খেলা গড়ার কারিগর জানান লন্ডনে বেশ ভালো আছেন তিনি, ''না, আমি বার্সেলোনায় নাম লেখাচ্ছি না। এখানে বেশ ভালো আছি।''
যদিও ফ্যাব্রিগাস স্বীকার করেছেন বার্সায় নাম লেখানোর সুপ্ত একটা ইচ্ছে তার ছিল, ''আর্সেনালের সমর্থকদের কাছে আমি ক্ষমা চাইছি। দেখুন, আমি নতুন মৌসুমে কোথায় খেলবো সেটা এতোদিন জানাইনি কারণ আমি নিজেই এনিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারছিলাম না। সত্যি বলতে কি আমি বার্সেলোনায় যোগ দিতে চেয়েছিলাম।''
কেন আর্সেনাল ছেড়ে বার্সেলোনায় নাম লেখাতে চেয়েছেন তার একটা ব্যাখ্যাও দিলেন সিসে ফ্যাব্রিগাস, ''সেটি আমার শহর, যেখানে বড় হয়েছি আমি। সেখানেই আমার পরিবার ও বন্ধুবান্ধবরা রয়েছেন। তাইতো ছোটবেলা থেকেই এমনটা ভেবে এসেছি। বার্সার মতো ক্লাবে খেলার স্বপ্ন দেখাটা নিশ্চয়ই অপরাধ নয়।''
তবে এখন তার মন স্থির হয়েছে। তাইতো ফ্যাব্রিগাস মনে করেন গুঞ্জনও থামবে এবার, ''আশা করছি সবাই এখন আমার দলবদল নিয়ে কথা থামিয়ে দেবে। এখন আর্সেনালের হয়ে নতুন মৌসুমে মন দিয়ে খেলতে চাই।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৮৩৬ ঘ.
bdnews24