ঢাকা, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মালদ্বীপ ও নেপালের ম্যাচ শেষে উত্তেজনা ছড়িয়ে পড়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। নেপালের কর্মকর্তারা তেড়ে যান ম্যাচের দায়িত্বপালনকারী কুয়েতের সহকারী রেফারি নাছের আল শাফির দিকে। শেষে পুলিশ এবং গেমস আয়োজক কমিটির কর্মকর্তাদের হস্তক্ষেপে প্রহারের হাত থেকে রেহাই পান রেফারি নাছের। ম্যাচে মালদ্বীপের কাছে ১-০ গোলে হারে নেপাল। এটি তাদের টানা দ্বিতীয় হার।
নেপাল ফুটবল ফেডারেশনের সভাপতি গনেশ থাপা পর্যন্ত উদ্ধত আচরণ করতে দ্বিধা করেননি। রেফারিকে মারতে দৌড়ে মাঠে ঢোকেন। ধস্তাধস্তিও হয় রেফারিদের সঙ্গে। হামলার ঘটনায় জড়িত ছিলেন নেপালের ফুটবলাররাও। গণেশ থাপার অভিযোগ, তাদের ফুটবলার জুমানু রায় খেলা শেষে হাত মেলাতে গেলে নাছের তাকে হাতের 'ব্যাটন' দিয়ে আঘাত করেন।
এ বিষয়ে জুমানু রায় বলেন, "সহকারী রেফারি 'ব্যাটন' দিয়ে তার পেটে গুঁতো দিয়েছেন।" এ ব্যাপারে শৃঙ্খলা কমিটির কাছে লিখিত অভিযোগ করা হবে।
খেলার সময় দলের ম্যানেজার, কোচ এবং চিকিৎসক ছাড়া অন্য কারো মাঠে উপস্থিত থাকার কথা নয়। কিন্তু খেলার শুরু থেকেই মাঠে ছিলেন গণেশ থাপা। এ ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাব্বির সাদির কাছে জানতে চাইলে তিনি বলেন, "কিভাবে তিনি (গণেশ থাপা) মাঠে থাকলেন, তা বলতে পারবো না।"
বাফুফের মিডিয়া ও যোগাযোগ কর্মকর্তা সাঈদ আল ফাতাহও কথা বলতে রাজি হননি। বরং তারা দু'জনই পরিস্থিতি সামাল দিতে ব্যস্ত ছিলেন। কিন্তু তাদের কথা কিছুতেই কানে তুলছিলেন না নেপাল ফুটবলের সভাপতি। অথচ কাজী সালাউদ্দিনের আগে সাফ সভাপতির দায়িত্ব পালন করেন এই গণেশ থাপাই।
আসলে খেলার সময় রেফারির সিদ্ধান্ত নিয়ে বেশ কয়েকবার আপত্তি তুলেছিলেন নেপালের খেলোয়াড় এবং কর্মকর্তারা। বাহরাইনের রেফারি আলী হাসান বিতর্কিত পেনাল্টি দিয়ে তাদের হারিয়ে দেন বলে অভিযোগও করেন নেপালের খেলোয়াড়রা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/১৯৪৮ ঘ.
bdnews24