ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভোটের মাধ্যমে ২০১৮ ও ২০২২ সালের বিশ্ব ফুটবলের আয়োজক দেশ নির্বাচন করেছে ফিফা। তবে কোন দেশ কত ভোট পেয়েছে তা প্রকাশ পেয়ে যাওয়ায় ফুটবলের সর্বোচ্চ এই সংস্থার সমালোচনা করেছেন জার্মানির সাবেক ফুটবলার ফ্রাঞ্জ বেকেনবাওয়া।
ফিফার ২২ সদস্যের নির্বাহী কমিটির ভোটে ফলাফল নির্ধারণ করা হয়। বেকেনবাওয়া তাদেরই একজন।
তিনি আগামী মার্চে নির্বাহী কমিটির সদস্য পদ থেকে অবসর গ্রহণ করবেন।
বেকেনবাওয়া মঙ্গলবার দৈনিক বিল্ডে বলেন, ফিফার প্রতি তার আস্থা কমে গেছে।
তিনি আরো বলেন, " ভোটের পরের বিষয়গুলি ফিফা যেভাবে নিয়ন্ত্রণ করলো তা দেখে আমি সত্যি হতাশ। আমরা নির্বাহী কমিটির সদস্য হয়েও ভোটের সঠিক সংখ্যা জানতে পারি না। জনগণের জানার তো প্রশ্নই আসে না। এটাই নিয়ম। ভোটের প্রতিটি পর্বের পর কোন দেশ বাদ যাচ্ছে আমরা শুধু সেটাই জানাই।"
" তবে আশ্চর্যের বিষয় হচ্ছে জয়ী দেশের নাম ঘোষণার কয়েক ঘন্টা পর একটি রেডিও কোন দেশ কত ভোট পেয়েছে সেই সংবাদ প্রকাশ করে।"
২০১৮ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে চেয়েছিল ইংল্যান্ড। তারা ২২ ভোটের মধ্যে মাত্র ২টি ভোট পায়।
আর ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের অয়োজক হওয়ার তালিকায় থাকা অস্ট্রেলিয়া মাত্র ১টি ভোট পেয়েছে।
বিষয়টি দু'দেশের জন্য লজ্জার বলে মনে করেন বেকেনবাওয়া।
রাশিয়া ২০১৮ বিশ্বকাপ ফুটবল আয়োজন করবে। তারা ইংল্যান্ড, স্পেন-পর্তুগাল ও নেদারল্যান্ডস-বেলজিয়ামকে হারিয়েছে।
আর দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রকে হারিয়ে ২০২২ সালের বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেয়েছে কাতার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২১৩৯ ঘ.
bdnews24