২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মরিনহোর ভক্ত ম্যারাডোনা

এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার দৌড়ে ডিয়েগো ম্যারাডোনার বাজি রিয়াল মাদ্রিদ। তার মতে তিনটি ভিন্ন ক্লাবকে কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দেয়ার রেকর্ড রিয়ালেই করবেন হোসে মরিনহো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2010, 01:19 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার দৌড়ে ডিয়েগো ম্যারাডোনার বাজি রিয়াল মাদ্রিদ। তার মতে তিনটি ভিন্ন ক্লাবকে কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দেয়ার রেকর্ড রিয়ালেই করবেন হোসে মরিনহো। "আমার দৃঢ় বিশ্বাস এবার রিয়ালকে সাফল্য এনে দেবে মরিনহো। জেতাবে চ্যাম্পিয়ন্স লিগ। মরিনহো ঠিক একই কাজটা করেছিল ও যখন ইন্টার মিলানের কোচ ছিল। সেরি 'আ' চ্যাম্পিয়ন হয়েছিল ইন্টার। জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ। সেটা প্রায় ৫০ বছর পর। তাই আমি মনে করি মরিনহোকেও সময় দিতে হবে। আমি নিশ্চিত ও রিয়ালকে লিগ শিরোপা এনে দেবেই" -বলেন ম্যারাডোনা। ২০০৪ সালে মরিনহো তার স্বদেশী ক্লাব পোর্তোকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দেন। তারপর চলে আসেন চেলসিতে। চেলসিকে টানা দু'বার করেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। সেখান থেকে যান ইন্টার মিলানে। তাদেরকেও এনে দেন লিগ শিরোপা এবং চ্যাম্পিয়ন্স লিগ। দু'টি ভিন্ন ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি জেতানো তৃতীয় কোচ হিসেবে নাম লেখান মরিনহো। এর আগে এমন রেকর্ড গড়েছিলেন আর্নেস্ট হ্যাপেল এবং ওটমার হিজফেল্ড। মরিনহোর কোচিং পদ্ধতিরও প্রশংসা করেছেন ম্যারাডোনা। বলেছেন, "ওর পদ্ধতির কোনো সমালোচনা করা ঠিক নয়। ও খোলা মনের কোচ। খেলোয়াড়দের খেলার স্বাধীনতায় বিশ্বাস করে। ম্যাচ রিডিংয়ে ওর ধারেকাছে আর কেউ নেই।" কিছুদিন আগে সাবেক ফরাসি গ্রেট জিনেদিন জিদান রিয়ালের দলগঠনের পরামর্শদাতা হিসেবে কাজ শুরু করেছেন। আর সেটা মরিনহোর অনুরোধেই। এবার হয়তো গ্রেট ম্যারাডোনার কাছ থেকেও টিপস নেবেন এই পর্তুগিজ কোচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/এমএইচ/১৯১৬ ঘ.