ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবল প্রতিযোগিতায় বৃহষ্পতিবার অঘটনের শিকার হলো ঢাকা মোহামেডান। ব্রাদার্স ইউনিয়নের কাছে ২-০ গোলে হেরেছে দলটি।
এই হারের ফলে সেমিফাইনালে ওঠার আগেই ঢাকা মোহামেডানের বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল। পরের খেলায় ফেনী সকার ক্লাবের বিপক্ষে জিতলেও লাভ হবে না দলটির। অনেক যদি-কিন্তুর জন্য অপেক্ষা করতে হবে ঢাকা মোহমেডানকে। সেক্ষেত্রে পরের ম্যাচে মুক্তিযোদ্ধাকে হারতে হবে ব্রাদার্সের কাছে।
এ জয়ের ফলে ব্রাদার্স ছয় পয়েন্ট নিয়ে 'বি' গ্র"প থেকে সবার আগে সেমিফাইনালে উঠলো। তারা প্রথম ম্যাচে ফেনী সকার ক্লাবকে ৩-১ গোলে হারিয়েছিল।
খেলার শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাদার্স। ২১ মিনিটেই গোল পেয়ে যায় দলটি। ব্রাজিলের মাঝমাঠের খেলোয়াড় এভারটনের অসাধারণ এক গোলে এগিয়ে যায় গোপীবাগের ক্লাবটি (১-০)।
ব্রাদার্স দ্বিতীয় গোলের দেখা পায় ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে। ৮৯ মিনিটে ঘানার আক্রমণভাগের খেলোয়াড় বেনটিলের গোলে ব্যবধান বাড়ায় দলটি (২-০)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২০৩১ ঘ.
bdnews24