২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল শীর্ষে, জিতল বার্সেলোনা

স্প্যানিশ প্রিমেরা লিগায় শীর্ষে চলে গেল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে রিয়াল ৪-১ গোলে উড়িয়ে দেয় মালাগাকে। একই রাতে বার্সেলোনা পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হারায় এবারের লা লিগায় রিয়াল ও বার্সাকে চ্যালেঞ্জ জানানো ভ্যালেন্সিয়াকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 01:25 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্প্যানিশ প্রিমেরা লিগায় শীর্ষে চলে গেল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে রিয়াল ৪-১ গোলে উড়িয়ে দেয় মালাগাকে। একই রাতে বার্সেলোনা পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হারায় এবারের লা লিগায় রিয়াল ও বার্সাকে চ্যালেঞ্জ জানানো ভ্যালেন্সিয়াকে। সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রিয়াল। সমান ম্যাচে ভ্যালেন্সিয়া এবং বার্সেলোনার পয়েন্ট ১৬। তবে গোল তফাতে দ্বিতীয় স্থানে রয়েছে ভ্যালেন্সিয়া। রিয়ালের জয়ের নায়ক সেই দুই মানিকজোড় ক্রিশ্চিয়ানো রোনালদো এবং গঞ্জালো হিগুয়েইন। দু'জনেই দু'টি করে গোল করেন। আর মাঝ-মাঠে সেনাপতি ছিলেন জার্মান তারকা মেসুত ওজিল। প্রথম গোল পেতে অবশ্য রিয়ালকে আধ-ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। হিগুয়েইনকে গোল করার জন্য বল সাজিয়ে দেন রোনালদো। তা থেকে গোল করতে কোনো সমস্যাই হয়নি হিগুয়েইনের। বিরতির ঠিক আগে ওজিলের বাড়িয়ে দেয়া বলে ফাঁকা পোস্টে গোল করেন রোনালদো। লা লিগায় তার গোলসংখ্যা এখন ছয়। বিরতির পর খেলার ৫০ মিনিটে ওজিলকে পেনাল্টি সীমানার মধ্যে ফাউল করে মালাগার জনৈক ডিফেন্ডার। পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুল করেননি রোনালদো। তার পাঁচ মিনিট পর মালাগা একটি গোল শোধ করলেও ৬৫ মিনিটে রোনালদোর পাস থেকে ফের গোল করেন হিগুয়েইন। মৌসুমে এটি আর্জেন্টাইন স্ট্রাইকারের চতুর্থ গোল। এমন জয়ে দারুণ খুশি রিয়াল অধিনায়ক ইকার ক্যাসিয়াস। বলেছেন চ্যাম্পিয়ন লিগে এসি মিলানের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী হয়েই নামবে দল। বার্সেলোনার জয়ের নায়ক ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা এবং কার্লোস পুওল। এ ম্যাচেই বার্সার ডেভিড ভিয়া তার পুরনো ক্লাবের বিপক্ষে খেলতে নেমেছিলেন। দারুণ জমে ওঠা ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল ভ্যালেন্সিয়াই। খেলার ৩৮ মিনিটে বার্সেলোনার রক্ষণভাগের দুর্বলতার সুযোগ নিয়ে গোল করেন পাবলো হার্নান্দেজ। জেরেমি ম্যাথিউয়ের ক্রস বার্সার রক্ষণভাগ ঠিকমতো ফেরাতে না পারলে গোল করে বসেন পাবলো। ৪১ মিনিটে পাবলোর আরেকটি দুরন্ত শট বার্সা গোলরক্ষক ভালদেজ কোনোমতে ঠেকান। বিরতির খেলা শুরু হতেই গোল শোধ করে বার্সেলোনা। জাভির পাস থেকে গোল করেন ইনিয়েস্তা। ৬৩ মিনিটে জাভির ক্রস থেকে হেডে গোল করেন পুওল। জয়ের পরে হাফ ছেড়ে বাঁচেন কোচ পেপ গার্দিওয়ালা। একই রাতে অ্যাটলেটিকো মাদ্রিদ ২-০ গোলে জেতে গেটাফের বিপক্ষে। গোল করেন সিমাও সাব্রোসা এবং ডিয়াগো কস্টা। সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে অ্যাটলেটিকো। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে গেটাফে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৮২৭ ঘ.