২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওজনিয়াকি

চায়না ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে সেরেনা উইলিয়ামসকে টপকে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেছেন ক্যারোলিন ওজনিয়াকি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2010, 12:03 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চায়না ওপেনের কোয়ার্টার ফাইনালে ওঠার সঙ্গে সঙ্গে সেরেনা উইলিয়ামসকে টপকে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেছেন ক্যারোলিন ওজনিয়াকি। পেত্রা কভিতোভাকে ৬-৩ ও ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠেন ডেনমার্কের টেনিস তারকা ওজনিয়াকি। র‌্যাঙ্কিংয়ের নতুন তালিকা সোমবার প্রকাশ করা হবে। খেলা শেষে ওজনিয়াকি বলেন, "বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় হওয়ার স্বপ্ন আমার সব সময়ই ছিল।" র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছালেও কোনো গ্র্যান্ড স্লাম জেতেননি ওজনিয়াকি। এখন বড় কোনো প্রতিযোগিতার শিরোপা জেতাই তার লক্ষ্য বলে তিনি জানান। এর আগে বড় কোনো প্রতিযোগিতার শিরোপা না জিতেই ২০০৮ সালে মেয়েদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেছিলেন সার্বিয়ার জেলেনা জাঙ্কোভিচ। রাশিয়ার দিনারা সাফিনাও একইভাবে শীর্ষ স্থান দখল করেছিলেন ২০০৯ সালে। সেরেনা জুলাইয়ে উইম্বলডন জেতার পর থেকে আর খেলতে নামেননি। তবে আগামী সপ্তাহে লিনজে ডব্লিউটিএ টুর্নামেন্টে তাকে কোর্টে দেখা যাবে বলে সংগঠকরা জানান। দিনের অন্যান্য খেলায় রাশিয়ার ভেরা জভনারেভা ৫-৭, ৬-৪ ও ৬-২ গেমে হারান তার দেশের মারিয়া কিরিলেঙ্কোকে। সার্বিয়ার আনা ইভানোভিচ ৭-৬ (৭-২) ও ৭-৬ (৭-৪) ব্যবধানে জেতেন এলেনা দেমেন্তিয়েভার বিপক্ষে। চিনের লি না মাত্র ৪৮ মিনিটে বধ করেন জার্মানির এঞ্জেলিক কারবারকে। আর রাশিয়ার নাদিয়া পেত্রোভার বিপক্ষে ওয়াকওভার পেয়েছেন লাটভিয়ার আনাস্তাসিয়া সেভাস্তোভা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৭৪৩ ঘ.