২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুস্তি ফেডারেশনে অ্যাডহক কমিটি, ক্ষুব্ধ সাবেক কর্মকর্তারা

ব্যর্থতার অভিযোগ এনে কুস্তি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 05:23 PM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যর্থতার অভিযোগ এনে কুস্তি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বুধবার একই সঙ্গে নতুন কমিটিও গঠন করেছে ক্রীড়া ফেডারেশনগুলোর এই অভিভাবক সংস্থা। এনএসসির প্রজ্ঞাপনে কুস্তি ফেডারেশনের নতুন সভাপতি করা হয়েছে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে। তাবিউর রহমান পাহলোয়ানকে সাধারণ সম্পাদক পদে ফিরিয়ে আনা হয়েছে। তাবিউর এক সময় ওই দায়িত্বে ছিলেন। এনএসসি সচিব শফিক আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিগত দুই বছরে কুস্তি ফেডারেশনের কোন কার্যক্রম দেখিনি। অকার্যকর কমিটি রেখে কোন লাভ নেই। জাতীয় স্বার্থেই নতুন কমিটি করা হয়েছে।" কমিটি ভেঙ্গে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুল আমিন জীবন। ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে ব্যর্থতার অভিযোগ তিনি মানতে নারাজ। আমিন বলেন,"আমাকে ব্যর্থ প্রমাণের কোন সুযোগ নেই। দু' বছর দায়িত্বে থেকে তিনটি জাতীয় প্রতিযোগিতার আয়োজন করেছি। এশিয়ান কুস্তি, এবং ইন্দো-বাংলা গেমসে অংশ নিয়েছে বাংলাদেশ কুস্তি দল। এসএ গেমসের প্রস্তুতি চলছে। কার্যক্রমতো থেমে নেই।" মাহাবুবুল আলম বলেন, "কমিটি ব্যর্থ হলে নির্বাচনের মাধ্যমে বিষয়টির সমাধান করতে পারতো ক্রীড়া পরিষদের কর্মকর্তারা। অনেকবার এনএসসি সচিবকে নির্বাচন দিতে বলেছি। তখন তারা রাজি হয়নি। এখন এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।" বিদায়ী সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম ২০০৭ সালের জুলাই মাসে অ্যাডহক কমিটির দায়িত্ব পান। আইন অনুযায়ী যে কোন সময় যে কোন ক্রীড়া ফেডারেশনের কমিটির কার্যক্রম স্থগিত বা কমিটি ভেঙ্গে দেয়ার ক্ষমতা রাখে জাতীয় ক্রীড়া পরিষদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএস/এসএইচ/২৩৪০ ঘ.