ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুরুতে পিছিয়ে পড়াটা হয়েছে তাদের জেগে ওঠার জ্বালানি। ১৮ মিনিটে গোল খেয়ে টাউন মাধ্যমিক বিদ্যালয় এমনভাবে জেগেছে যে মাঠের সব বিভাগেই তারা ছাড়িয়ে গেছে প্রতিপক্ষ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়কে। স্কোর-লাইনেও তা প্রতিফলিত । বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৩-১ গোলে জিতে সিটিসেল জাতীয় স্কুল ফুটবলের শিরোপা জিতেছে বরিশালের টাউন মাধ্যমিক বিদ্যালয়।
রানার্স-আপ মৌলভীবাজারের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় অবশ্য দারুণ লড়াই করেছে হেরে যাওয়ার আগে। তাতেই উপভোগ্য হয়ে উঠেছে ফাইনাল। যা আশার সঞ্চার করেছে ফুটবল কর্তাদের মনে। এই স্কুল ফুটবলারদের মধ্যে অনেকে ভবিষ্যতের তারকার জন্ম দেখেছেন। দেখেছেন জুম্মান নামের এক ফ্রি-কিক স্পেশালিস্টকে, তার সঙ্গে ভিক্টোরিয়ার গোলরক্ষক রাসেলের লড়াইও দারুন মজা দিয়েছে সবাইকে। জুম্মানের ফ্রি-কিক দেখে অনেকের মুখে আক্ষেপ ঝরেছে, এরকম স্পেশালিস্ট তো জাতীয় দলেও নেই ! আসলেই তাই, টাউন মাধ্যমিকের এই ফরোয়ার্ডের চারটা ফ্রি-কিকেই গোল হতে পারতো। তিনটি দারুন দক্ষতায় ঠেকিয়েছেন গোলরক্ষক রাসেল। কিন্তু চতুর্থটি আর ঠেকাতে পারেননি, মাপা কিকটি ক্রসবার ঘেঁষে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চলে যায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের জালে। এটিই ম্যাচের শেষ গোল।
অথচ ম্যাচের শুরুতে ভিক্টোরিয়া স্কুল এগিয়ে যায় খালেদের গোলে। ১৮ মিনিটে ডানদিক থেকে জাহিদের মাইনাসে শুধু পা ছ্ুঁইয়েছেন খালেদ। গোল খেয়ে মরিয়া হয়ে টাউন স্কুল ম্যাচের রাশ নিয়ে নেয় নিজেদের হাতে (বলা উচিত পায়ে)। কিন্তু অ্যাটাকিং থার্ডে গিয়ে বারবার ব্যর্থ হওয়ার পর তারা ৬৭ মিনিটে ম্যাচে ফেরে আলীর বুদ্ধিদীপ্ত এক গোলে। ভিক্টোরিয়ার গোলরক্ষককে এগিয়ে আসতে দেখে এই স্ট্রাইকার বলটি তুলে দিয়েছেন তার মাথার ওপর দিয়ে।
৭৭ মিনিটে দলকে এগিয়ে নেওয়ার গোলটিও করেছেন তিনি, বডিডজে গোলরক্ষককে বিভ্রান্ত করে গোলমুখ খুলে ফেলে। সুবাদে বরিশালের টাউন মাধ্যমিক বিদ্যালয় প্রথমবারের মতো এগিয়ে যায় ২-১ গোলে। সবশেষে জুম্মানের ফ্রি-কিকে ৩-১ গোলে জিতে পুরো দেশের মধ্যে সেরা স্কুল ফুটবল দলের স্বীকৃতিও পেয়েছে তারা।
ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এসময় উপস্থিত ছিলেন সিটিসেলের প্রধান নির্বাহী মাইকেল সিমোর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১৪৮ঘ.
bdnews24