২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভানোভিচের দুই গোলে চেলসির জয়োৎসব

তার প্রধান কাজ গোল বাঁচানো। তবে সেটা করার সঙ্গে সঙ্গে দুটো মূল্যবান গোলও চেলসিকে উপহার দিয়েছেন সার্বিয়ান ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচ। আর তাই পিছিয়ে পড়েও লিভারপুলের মাঠ থেকে ৩-১ গোলের দারুণ এক জয় নিয়ে ফিরেছে চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের যে জয় শেষ চারের পথেও অনেকখানি এগিয়ে দিয়েছে 'ব্লুজ'কে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2009, 08:47 AM

Updated : 26 Aug 2022, 11:18 AM

লিভারপুল, ৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তার প্রধান কাজ গোল বাঁচানো। তবে সেটা করার সঙ্গে সঙ্গে দুটো মূল্যবান গোলও চেলসিকে উপহার দিয়েছেন সার্বিয়ান ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচ। আর তাই পিছিয়ে পড়েও লিভারপুলের মাঠ থেকে ৩-১ গোলের দারুণ এক জয় নিয়ে ফিরেছে চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের যে জয় শেষ চারের পথেও অনেকখানি এগিয়ে দিয়েছে 'ব্লুজ'কে। অথচ ম্যাচের শুরুটা দেখে মনেই হয়নি স্বাগতিক লিভারপুলকে এভাবে নাকাল হতে হবে! অ্যানফিল্ডে ষষ্ঠ মিনিটেই আলভেরো আরবেলোয়ার নিখুঁত ক্রস থেকে তাদের এগিয়ে দিয়েছেন ফার্নান্দো তোরেস। ২৮ মিনিটে গোলটা শোধ করে ফেলতে পারতেন দিদিয়ের দ্রগবা। কিন্তু মাইকেল বালাকের কাছ থেকে বল পেলেও সুযোগটা তিনি কাজে লাগাতে পারেননি। তবে ১১ মিনিট পর সেই হতাশা দূর হয়েছে চেলসির। ফ্লোরেন্ত মালুদার কর্নারে দারুণ এক হেড করে ম্যাচে সমতা ফিরিয়েছেন ইভানোভিচ। আর এই গোলটাই হতোদ্যম করে দিয়েছে লিভারপুলকে। বিরতির পর চেলসির আক্রমণাত্মক ফুটবলের সঙ্গে তারা আর পেরে ওঠেনি। ৫১ মিনিটে ফ্র্যাংক ল্যাম্পার্ডের ডিফেন্স-চেরা পাস ধরে গোল প্রায় করেই ফেলেছিলেন দ্রগবা। কিন্তু আইভরি কোস্ট স্ট্রাইকারের শট গোললাইন থেকে ফিরিয়ে সে যাত্রা দলকে রক্ষা করেছেন জেমি ক্যারাহার। ৬২ মিনিটে অবশ্য 'অলরেড'রা সর্বনাশ এড়াতে পারেনি। আবারো তাদের ডিফেন্ডারদের ব্যর্থতায় ল্যাম্পার্ডের কর্নারে হেড করে ইভানোভিচ এগিয়ে দিয়েছেন চেলসিকে। তার মিনিট পাঁচেক পর ম্যালুদার দারুণ এক ক্রসে পা ছুঁইয়ে লিভারপুলের পরাজয় নিশ্চিত করেছেন দ্রগবা। আগামী মঙ্গলবার ফিরতি লেগে মুখোমুখি হবে দুদল। ম্যাচটা নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে হবে বলে চেলসি এখন অনেকখানি নিশ্চিন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৪৪৪ঘ.