২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাহনীর জয়ের অভ্যাস বনাম ব্রাদার্সের 'ভাল খেলা'

প্রথম সুযোগ হাতছাড়া করে ব্রাদার্স ইউনিয়ন নতুন লড়াইয়ের প্রেরণা খুঁজে নিচ্ছে ভাল খেলতে পারার আত্মবিশ্বাস থেকে। তাদের বিপক্ষে খাদের কিনারা থেকে জীবন ফিরে পাওয়া ঢাকা আবাহনীর শক্তি ম্যাচ জেতার অভ্যাসে। মাঠের খেলায় ছন্দপতন হলেও তারা টানা ১৩ ম্যাচ জিতেছে! দুই দল দুই রকমের আত্মবিশ্বাস নিয়ে সোমবার বিকেল ৫টায় ফিরতি সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 11:52 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- প্রথম সুযোগ হাতছাড়া করে ব্রাদার্স ইউনিয়ন নতুন লড়াইয়ের প্রেরণা খুঁজে নিচ্ছে ভাল খেলতে পারার আত্মবিশ্বাস থেকে। তাদের বিপক্ষে খাদের কিনারা থেকে জীবন ফিরে পাওয়া ঢাকা আবাহনীর শক্তি ম্যাচ জেতার অভ্যাসে। মাঠের খেলায় ছন্দপতন হলেও তারা টানা ১৩ ম্যাচ জিতেছে! দুই দল দুই রকমের আত্মবিশ্বাস নিয়ে সোমবার বিকেল ৫টায় ফিরতি সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। যে ম্যাচে ব্রাদার্সের সঙ্গী হবে ব্যাপক চাপ। প্রথম সেমিফাইনালে ৩-২ গোলে হেরে যাওয়া গোপীবাগের দলটির সুপার কাপ ফাইনাল খেলতে হলে কমপক্ষে দুই গোলের ব্যবাধানে জিততে হবে। ব্যবধান এক গোলের হলে ভাগ্য নির্ধারণ করবে টাইব্রেকার। এরকম এক কঠিন হিসাব নিয়ে যখন ব্রাদার্স খেলতে নামছে তখন আবাহনীর সামনে ফাইনালে ওঠার সহজ সমীকরণ হচ্ছে ড্র। কিন্তু সরল অংকেও কম-বেশি গরল লুকিয়ে থাকে। ড্রয়ের জন্য মাঠে নেমে হেরেছে, এরকম রেকর্ড অহরহ পাওয়া যাবে। আবাহনীর কোচ অমলেশ সেনও এ ফাঁদে পা দিতে চান না, "আমরা ড্রয়ের জন্য খেলবো না। অ্যাটাকিং ফুটবল খেলে ম্যাচ জেতাটাই আমাদের লক্ষ্য।" কারণ রক্ষনাত্মক ফুটবল খেললে শুরু থেকেই চেপে বসতে পারে প্রতিপক্ষ, তাতে বিপদের আশঙ্কা বাড়ে বৈ কমে না। তবে ডিফেন্সটাকে সুরক্ষিত রেখে আক্রমণের কৌশল সাজাতে চান অমলেশ। কারণ প্রথম সেমিফাইনালে তার ডিফেন্সের দুর্বলতাটা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ব্রাদার্স। স্টপার নজরুল ইসলাম যে রাইট-ব্যাক পজিশনেও অচল তা আর বলার অপেক্ষা রাখে না। তার পা থেকে কেড়ে নেওয়া বলটা শাকিল গোলে পাঠিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে দিয়েছিল ব্রাদার্সকে। এমিলির কল্যাণে খলনায়ক হতে হতেও তিনি বেঁচে গেছেন। সুতরাং ফিরতি সেমিফাইনালে তার জায়গায় দেখা যেতে পারে সিরাজীকে। এ গুরুত্বপূর্ণ ম্যাচে আবাহনী মিস করবে আওদু ইব্রাহিমকে। তিনটি হলুদ কার্ডের কারণে মাঠের বাইরে থাকা এই ঘানাইয়ান ফরোয়ার্ডের জায়গায় তারা কাকে খেলাবে তা এখনো ঠিক করেনি। অপেক্ষা করছে দলের সঙ্গে প্র্যাকটিসরত ঘানার নতুন মিডফিল্ডার তেত্তে'র আন্তর্জাতিক ক্লাব ছাড়পত্রের জন্য। তা চলে এলে তাকে দেখা যেতে পারে ইব্রাহিমের জায়গায়, নইলে প্রাণতোষ কিংবা জাহিদ পারভেজ চৌধুরী। এ সমস্যাটুকু বাদ দিলেও আবাহনী নির্ভার হতে পারছে না। কারণ ব্রাদার্স-ভীতি; এত ভাল দল নিয়েও তারা ভাল খেলতে পারে না ব্রাদার্সের সঙ্গে। দুই গোল করে প্রথম সেমিফাইনালের নায়ক জাহিদ হাসান এমিলি অবশ্য অন্যভাবে বলেছেন, "ওই দিনের ম্যাচে (প্রথম সেমিফইনালে) আমরা ভাল শুরু করেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে না পারার কারণ হচ্ছে রেফারির উল্টো-পাল্টা বাঁশি। তাছাড়া ওই ম্যাচটাকে জেতার জন্য আমরা টার্গেট করেছিলাম, সেটাও একটা চাপ হতে পারে। ফিরতি সেমিফাইনালে আবাহনী অবশ্যই ভাল ম্যাচ উপহার দেবে। টানা ১৩ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস আছে আমাদের সঙ্গে।" প্রতিপক্ষ ব্রাদার্স নামবে ভাল খেলতে পারার আত্মবিশ্বাস নিয়ে। সঙ্গে আছে বি. লিগের প্রথম লেগে আবাহনীকে ২-০ গোলের হারানোর সুখস্মৃতি। সেই স্মৃতির পুনরুজ্জীবন চাইছেন দলের অধিনায়ক অমিত খান শুভ্র, "আমাদের তো হারানোর কিছু নাই। আগের ম্যাচের কথা ভুলে গিয়ে এখন একটা মাত্র সেমিফাইনাল মনে করে খেলতে হবে। আর আবাহনীকে ২-০ গোলে হারানোর অভিজ্ঞতা আমাদের আছে।" বললেই কী আর আগের ম্যাচের কথা ভোলা যায়। জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়ে ম্যাচটাকে ওভাবে আবাহনীর হাতে তুলে দেওয়ার যন্ত্রণায় দগ্ধ হচ্ছে ব্রাদার্স শিবির। ৭৯ থেকে ৮১ মিনিট, এ তিন মিনিটের মধ্যে দুই গোল খেয়ে তারা হেরে যায় প্রথম সেমিফাইনাল। তবে সেই ম্যাচের একটা ইতিবাচক দিক হচ্ছে ভাল খেলা। সেটাকে পুঁজি করে ব্রাদার্স কোচ ওয়াসিম ইকবাল নতুন লড়াইয়ের ঘোষণা দিয়েছেন, "আমার প্রথম চাওয়া হচ্ছে ভাল খেলা, সেটা তারা আবাহনীর বিপক্ষে সবসময় খেলে দেখিয়েছে। এই ম্যাচও যদি আমরা সেভাবে খেলতে পারি তাহলে ফল আমাদের পক্ষেই থাকবে।" এই টুর্নামেন্টে তারা ঢাকা মোহামেডানের সঙ্গে দুর্দান্ত খেলে ড্র করেছে, তারপর আবাহনীর বিপক্ষেও 'নিষ্ফলা' ভাল খেলা উপহার দিয়েছে। মানে ভাল খেলার পুরস্কারটা তারা পাচ্ছে না হাতেনাতে। এজন্য দরকার জাহিদ হোসেনের জ্বলে উঠা। যে কোনো দলের বিপক্ষে অভাবনীয় কিছু করে ফেলার ক্ষমতা রাখেন নতুন প্রজন্মের এই মিডফিল্ডারটি। তাছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারেন অরূপও। তাতে করে ব্রাদার্সের মাঝমাঠের শক্তি বেড়ে যায় এবং তারা শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেললে আবাহনীর এলোমেলো হয়ে পড়ার আশংকা থাকে। আবার এটাও সত্য, প্রতিকূল অবস্থা থেকেও ম্যাচ বের করার কায়দাটা ভাল জানে আবাহনী। এই শক্তি নিয়েই বি. লিগ চ্যাম্পিয়নরা টানা চতুর্দশ জয়ের খোঁজে মাঠে নামছে ফিরতি সেমিফাইনালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৭৪৫ঘ.