মাদ্রিদ/লন্ডন/মিলান, ২৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মাঝে কয়েক দিনের দুরবস্থা কাটিয়ে আবার বার্সেলোনার অপ্রতিরোধ্য গতি! রোববার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে আক্রমণাত্মক ফুটবলের এক দারুণ প্রদর্শনীর মাধ্যমে মালাগাকে ৬-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা জয়ের স্বপ্ন আরো উজ্জ্বল করে তুলেছে 'বার্সা'। স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় জিতেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। নিজেদের মাঠেই স্প্যানিশ চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারিয়েছে আলমেরিয়াকে।
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা-লড়াই জমিয়ে তোলা লিভারপুলও বড় ব্যবধানে জিতেছে রোববার। স্টিভেন জেরার্ডের হ্যাটট্রিকের সুবাদে অ্যাস্টন ভিলাকে ৫-০ গোলে উড়িয়ে দেয়া 'অলরেড'রা শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে এখন মাত্র ১ পয়েন্ট পিছিয়ে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানইউ অবশ্য এক ম্যাচ কম খেলেছে।
ইতালিয়ান লিগে টানা চতুর্থ শিরোপার সৌরভ পাওয়া ইন্টার মিলানের জয়যাত্রাও অব্যাহত। রেজ্জিনাকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা জুভেন্টাসের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে তারা।
ন্যু ক্যাম্পে বার্সেলোনার গোলোৎসবের সূচনা ১৯ মিনিটে। সে সময় স্যামুয়েল এ'তোর পাস থেকে দলকে এগিয়ে দিয়েছেন জাভি। ৬ মিনিট পর ডানদিক দিয়ে দুর্দান্ত গতিতে ঢুকে পড়ে তিন জনকে ফাঁকি দিয়ে ব্যবধান ২-০ করেছেন লিওনেল মেসি। বিরতির আগে আরো দুটো গোল পেয়েছে 'বার্সা'। ৩২ মিনিটে জাভির পাস থেকে থিয়েরি অঁরির লক্ষ্যভেদের পর বিরতির মিনিট দুয়েক আগে স্বাগতিকদের ৪-০ গোলের লিড এনে দেয়ার কৃতিত্ব এ'তোর।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে আবার গোল। আন্দ্রেস ইনিয়েস্তার দারুণ এক চিপে মাথা ছুঁইয়ে পঞ্চম গোল করেছেন ড্যানিয়েল আলভেস। তার ৬ মিনিট বাদে অঁরির পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে মালাগাকে আধ ডজন গোল খাওয়ার লজ্জায় ডুবিয়েছেন এ'তো। এরপর বার্সেলোনা আর গোল বাড়ানোর তেমন চেষ্টা করেনি। তাই জয়ের ব্যবধান আরো বড় হতে পারেনি। যদিও তাতে মোটেও অসন্তুষ্ট হননি পেপ গার্ডিওলা। 'বার্সা'র কোচ বরং সব প্রতিপক্ষকে হুঁশিয়ারি ছুড়ে দিয়ে বলেছেন, "আমরা আরো ভালো খেলতে সক্ষম। আমরা প্রথমার্ধের পুরোটা আর দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিট খুব ভালো খেলেছি। তবে আমি নিশ্চিত আমরা এই গতি পুরো ৯০ মিনিটই বজায় রাখতে পারবো।"
সান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল কিন্তু প্রথমার্ধে তেমন ঔজ্জ্বল্য ছড়াতে পারেনি। তারপরও ২৪ মিনিটে মার্সেলোর গোল এগিয়ে দিয়েছে 'লা লিগা'র গত দুই বারের চ্যাম্পিয়নদের। আর বিরতির পর ডাচ ফরোয়ার্ড ক্লাস জ্যান হান্টেলারের দুই গোল সহজ জয়ই এনে দিয়েছে রিয়ালকে। স্প্যানিশ লিগের ২৮ রাউন্ডশেষে ৬৯ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে বার্সেলোনা। তাদের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে রিয়ালের অবস্থান দ্বিতীয়।
গত সপ্তাহে ম্যানইউকে ৪-১ গোলে হারানো লিভারপুলের সামনে দাঁড়াতেই পারেনি অ্যাস্টন ভিলা। 'অলরেড'দের বিশাল জয়ের কাণ্ডারি তাদের অধিনায়ক। অবশ্য জেরার্ডের তিন গোলের দুটোই পেনাল্টি থেকে। অ্যানফিল্ডে স্বাগতিকদের অন্য গোল দুটো ডার্ক কিউয়েট ও অ্যালবার্ট রিয়েরার। এই জয়ের ফলে ৩০ ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ দাঁড়ালো ৬৪ পয়েন্ট। ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ম্যানইউ এক ম্যাচ কম খেলেছে তাদের চেয়ে। ম্যানইউ'র মতোই শনিবার হেরে যাওয়া চেলসি ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।
ঘরের মাঠ সানসিরোতে ইন্টারের সহজ জয়ের রূপকার জ
bdnews24