ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুশীলনের মাঠ নিয়ে অতিথি দলগুলোর অভিযোগের অন্ত নেই। ব্রাদার্স মাঠে অনুশীলন করতে বলায় পাকিস্তানের কোচ জর্জ কোটান তো রেগে আগুন। এ নিয়ে নালিশ জানাতে পাকিস্তান দলের ম্যানেজার ড. কামরান মেহেদী দিনভর খুঁজে বেড়িয়েছেন ম্যাচ কমিশনারকে।
গোপিবাগে ব্রাদার্স ইউনিয়নের মাঠে কাচের টুকরো, পেরেক আর শক্ত পিচের ওপর অনুশীলন করতে রাজি হননি বাংলাদেশের সাবেক কোচ কোটান। তাই দিনভর হোটেল কক্ষেই কাটিয়েছে পাকিস্তান দল। পরের দিন ম্যাচ, অথচ প্র্যাকটিস হলো না, সঙ্গত কারণেই কোটান ভয়ঙ্কর ক্ষুব্ধ, টুর্নামেন্ট ফেলে চলে যাওয়ার হুমকিও দিলেন ,"আমি খুবই রেগে আছি। আন্তর্জাতিক একটা দলকে অনুশীলনের সুযোগ দিয়েছে পাড়ার মাঠে! আমি দেশে ফিরে যাবো।"
আয়োজক বাফুফের কাছে এ নিয়ে জানতে চাইলে মাঠ কমিটির প্রধান ফজলুর রহমান বাবুল বলেন,"ব্রাদার্স মাঠে বাংলাদেশ দলও প্র্যাকটিস করেছে। পাকিস্তানের আপত্তি থাকার কথা নয়। তারপরও আমরা তাদের মাঠ বদলে দিয়েছি।"
শুধু মাঠ নয়, সাফ চ্যাম্পিয়নশিপের মত টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে আরো অনেক ব্যাপারেই হিমশিম খাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবারও প্রেসবক্স পুরোপুরি তৈরি নয়। সন্ধ্যা পর্যন্ত মিডিয়া অ্যাক্রেডিটেশন কার্ড পাননি সাংবাদিকরা।
অনেক আগেই টুর্নামেন্টের দিন-তারিখ ঠিক হলেও টিকিটের মূল্য নির্ধারণ করা হয় আসর শুরুর একদিন আগে। প্রচারের উদ্যোগও নেয়া হয়েছে শেষ মুহূর্তে। সংবাদ সম্মেলনে আয়োজক কমিটি এ নিয়ে দুঃখ প্রকাশও করেছে। টুর্নামেন্ট কমিটির সভাপতি সালাম মুর্শেদী বললেন,"সময় স্বল্পতার কারণে আমরা সবকিছু গুছিয়ে আনতে পারিনি। এছাড়া ঈদের ছুটিও প্রস্তুতিতে পিছিয়ে পড়ার অন্যতম কারণ।"
এত সমস্যার পরও উদ্বোধনী অনুষ্ঠানের ব্যবস্থা রেখেছে বাফুফে। আসর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে ঢাকার আকাশে উদ্বোধনী অনুষ্ঠানের বেলুন উড়বে অন্ধকারে, সন্ধ্যা সাড়ে ছয়টায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২১৫০ ঘ.
bdnews24