প্যারিস, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে আয়ারল্যান্ডের বিপক্ষে হাত ব্যবহার করে থিয়েরি অঁরি যে বিতর্কের জন্ম দিয়েছেন তা চলছেই। আর বিতর্কের মধ্যেই অঁরি জানিয়েছেন, জাতীয় দল থেকে অবসর নেয়ার কথা ভাবছেন তিনি।
ফ্রান্সের ক্রীড়া বিষয়ক এক দৈনিক জানায়, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর চিন্তা করছেন কিনা -- এ প্রশ্নের জবাবে অঁরি , 'হ্যা।' বলেছেন।
তবে ফ্রান্স দলের অধিনায়ক জানান, ২০০৬ বিশ্বকাপের পরও অবসর নেয়ার চিন্তা-ভাবনা করেছিলেন। তবে পরে মনে হয়েছিল অবসর নেয়াটা একটু আগেভাগে হয়ে যাচে। ইউরো ২০০৮-এর পর আবার এমনটা মনে হয়েছিল, তবে সেবারও পরে মন বলেছে ওটা যথার্থ সময় নয়।
আয়ারল্যান্ডের বিপক্ষে তার হাতে বাড়ানো বলে উইলিয়াম গালাস গোল করার পর যেভাবে উচ্ছাস প্রকাশ করেছিলেন, সে জন্যও দুঃখ প্রকাশ করেন অঁরি।
নিজেদের মাঠে বিশ্বকাপ প্লেঅফে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিরতি ম্যাচে ০-১ গোলে পিছিয়ে থাকা অবস্থায় হাত দিয়ে বল এগিয়ে দেন অঁরি। তারপরই উইলিয়াম গালাসের সমতা ফেরানো গোল। ফলে বিশ্বকাপ মূলপর্বে উঠে যায় ফ্রান্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসি/২১২০ ঘ.
bdnews24