২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহজ জয় ব্রাজিলের

দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ পূর্ব প্রস্তুতিমূলক ম্যাচে মঙ্গলবার ওমানকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2009, 05:46 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

মাস্কট, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ পূর্ব প্রস্তুতিমূলক ম্যাচে মঙ্গলবার ওমানকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। মাস্কট স্টেডিয়ামে ওমানের বিপক্ষে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছেন ব্রাজিল কোচ দুঙ্গা। হয়তো সে কারণেই পুরো খেলায় আধিপত্য বিস্তার করেও দুটোর বেশি গোল আদায় করতে পারেনি 'সেলেকাও'-রা। ম্যাচের ৪ মিনিটের সময় প্রথম গোল পেয়ে যায় ব্রাজিল। গোলটির কারিগর ছিলেন মেইকন। তার পাস পেয়ে ওমান গোলবারে জোরালো শট নেন লুইস ফাবিয়ানো। গোলরক্ষক আল হাবসি তা ফিরিয়ে দিলেও শেষ রক্ষা করতে পারেননি, ফাঁকায় দাঁড়ানো নিলমার আলতো টোকায় বল পাঠিয়ে দেন জালে। প্রথমার্ধের বাকি সময়টা ওমানের ওপর আক্রমণের পর আক্রমণ শানিয়ে গেলেও আর গোল পায়নি ব্রাজিল। প্রস্তুতিমূলক ম্যাচের মেজাজ বজায় রেখে কোচ দুঙ্গা দ্বিতীয়ার্ধে কাকা, ফাবিয়ানো আর ফিলিপ মেলোকে তুলে মাঠে নামান হাল্ক, ফাবিও সিমপ্লিসিও এবং জুলিও ব্যাপ্টিস্তাকে। ৬১ মিনিটে দ্বিতীয় গোলটি পেয়ে যায় দক্ষিণ আমেরিকার ফুটবল জায়ান্টরা। হাল্কের ক্রস হেড করে নিজেদের জালে ঢুকিয়ে দেন ওমান ডিফেন্ডার আল গেইলানি হাসান। খেলার শেষ মুহূর্তে হাল্কের দূর থেকে নেয়া শট বার ছুঁয়ে চলে যাওয়ায় ২-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ব্রাজিলকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এমআই/১১৩২ ঘ.