ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারো হাতে বল, কেউ বা বর্ষা নিয়ে মঞ্চে আসেন, একে একে ২৩টি খেলার চিত্র তুলে ধরা হয় এভাবে। স্পন্সরদের নজর কাড়ার জন্য ঢাকা রেডিসন হোটেলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এই মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে রোববার।
উপস্থিত শিল্পপতি, বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান-সবাই একপ্রকার আশ্বস্ত হলেন জমকালো উদ্বোধনী, আর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশে একাদশ দক্ষিণ এশিয়ান গেমস (এসএ) হতে যাচ্ছে। এতে বিজ্ঞপন দিয়ে পণ্য কিংবা প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণা বেশ ভালোই হবে বলে মনে করছেন তারা। কেননা ২০১০ সালের এসএ গেমসের খেলা প্রচার করবে আটটি দেশের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) জানায়, স্পন্সর হওয়ার সুযোগ থাকছে তিনভাবে। গেমসের প্রধান স্পন্সর হতে চাইলে সবচেয়ে বেশি টাকা দিতে হবে। প্রতিটি ভেন্যুতেই প্রধান স্পন্সর প্রতিষ্ঠানের জন্য পেরিমিটার বোর্ড থাকবে। কোর্ট অথবা মাঠের ভেতরেও সেই প্রতিষ্ঠান বিজ্ঞাপনী চিত্র আঁকতে পারবে। গোল্ড স্পন্সর হিসেবে থাকবে তিনটি প্রতিষ্ঠান। আর সিলভার পর্বে থাকছে কো-স্পন্সর প্রতিষ্ঠান। এছাড়া অফিসিয়াল স্পন্সর হওয়ারও সুযোগ থাকছে।
অনুষ্ঠানে জানানো হয়, দেশের ৬টি বিভাগে মোট ১৮টি ভেন্যুতে খেলা হবে। প্রচার সুবিধা থাকছে সবগুলো ভেন্যুতেই।
সবচেয়ে বেশি ইভেন্ট নিয়ে এবারের এসএ গেমস আগামী ২৯ জানুয়ারি শুরু হবে। শেষ হবে ৯ ফেব্র"য়ারি। অংশ নেবেন প্রায় দু'হাজার খেলোয়াড়। গেমস আয়োজনে সার্বিক খরচ হবে প্রায় ১৫০ কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০০০২ ঘ.
bdnews24