নিউইয়র্ক, ৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- নয় বছর আগে এখানেই পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম শিরোপার দেখা। নয় বছর পর নবম শিরোপা জয়ের সুযোগটা হাতছাড়া করেননি সেরেনা উইলিয়ামস, রোববার অনুষ্ঠিত ইউএস ওপেনে মেয়েদের এককের ফাইনালে ইয়েলেনা ইয়ানকোভিচকে ৬-৪, ৭-৫ গেমে হারিয়ে দিয়েছেন তিনি। সরাসরি সেটে পাওয়া জয় দিয়ে আরেকটা লক্ষ্যও পূরণ হয়েছে টেনিসের 'কৃষ্ণকলি'র। পাঁচ বছরেরও বেশি অপেক্ষার অবসান ঘটিয়ে আবারো সেরেনা মেয়েদের র্যাঙ্কিংয়ে বিশ্বসেরা!
যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকার অনেক পাওয়ার দিনে পুরুষদের টেনিসে ঘটেছে বড় এক অঘটন। রজার ফেদারার ও রাফায়েল নাদালের আরেকটি রোমাঞ্চকর, 'এপিক' ফাইনালের সম্ভাবনা শেষ। সেমিফাইনালে নাদালকে ৬-২, ৭-৬, ৪-৬, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে ফেদারারের মুখোমুখি হওয়ার সুযোগ পাচ্ছেন ব্রিটেনের অ্যান্ডি মারে। ম্যাচটা শুরু হবে সোমবার বাংলাদেশ সময় রাত তিনটায়।
সব গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টেরই মেয়েদের এককের ফাইনাল হয় শনিবার, আর ছেলেদেরটা রোববার। এবারের ইউইএস ওপেনে সেই 'চিরন্তন প্রথা'র ব্যতিক্রম হওয়ার কারণ ঘুর্ণিঝড় হান্নার আঘাত। হান্নার জন্যই দুটো ফাইনাল পিছিয়ে গেছে এক দিন করে। ইউএস ওপেনে মেয়েদের ফাইনাল সর্বশেষ তৃতীয় সেটে গড়িয়েছিল ১৯৯৫ সালে। ফ্লাশিং মিডোর আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত এবারের ফাইনালে তৃতীয় সেটে নিয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন ইয়ানকোভিচ। কিন্তু দ্বিতীয় সেটে চারটি সেট পয়েন্ট পেয়েও উজ্জীবিত সেরেনার সঙ্গে তিনি পেরে ওঠেননি। ব্যাকহ্যান্ড উইনার দিয়ে ইউএস ওপেনে তৃতীয় শিরোপা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে র্যাকেট ওপরে ছুড়ে মেরে, লাফিয়ে বিজয়োৎসবে মেতে ওঠেন উইলিয়ামসদের ছোট বোন। শিরোপার চাইতে র্যাংকিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধারে করেই বেশি আপ্লুত সেরেনা, "আমি ভীষণ রোমাঞ্চিত। এক নম্বর হওয়ার কথা আমি ভাবতেই পারিনি। আমার কাছে এটা অনেকটা বোনাসের মতো।"
পুরুষদের 'ওয়ার্ল্ড নাম্বার ওয়ান' নাদালের অবস্থা ছিল সম্পূর্ণ বিপরীত। আগের দিন দুই সেট হেরে এমনিতেই চাপের মধ্যে পড়ে গিয়েছিলেন ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও অলিম্পিক চ্যাম্পিয়ন। রোববার তৃতীয় সেট ৬-৪এ জিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও প্রথম বারের মতো ইউএস ওপেনের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হয়নি তার। চতুর্থ সেট একই ব্যবধানে অর্থাৎ ৬-৪এ জিতে নাদালের স্বপ্ন ভেঙ্গে দেয়ার পাশাপাশি ইতিহাস গড়ার পথে বড় এক পদক্ষেপ রেখেছেন মারে। সেই ১৯৩৬ সালের পর বৃটেনের আর কোনো পুরুষ কোনো গ্র্যান্ড স্লাম এককের শিরোপা জিততে পারেননি। ৭২ বছর পর ২১ বছর বয়সী এই স্কটিশের সামনে বৃটিশদের সেই আক্ষেপ ঘোচানোর সুবর্ণ সুযোগ। মারে অবশ্য ফাইনালে ফেদেরারের মুখোমুখি হওয়ার সুযোগ পেয়েই কৃতার্থ, "সম্ভবত সে-ই (ফেদেরার) সর্বকালের সেরা খেলোয়াড়। কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে তার বিপক্ষে খেলার সুযোগ পাওয়াই আমার জন্য একটা বিশাল সম্মান।"
টেনিস সার্কিটে দু জনের অর্জন আর সাফল্যের ব্যবধান যোজন-যোজন হলেও মুখোমুখি লড়াইয়ে কিন্তু মারে এগিয়ে! ফেদেরারের বিপক্ষে তিন ম্যাচের দুটোতেই জয় পেয়েছেন তিনি। ফাইনালে সেটাই মারের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা। আর ফেদেরারের জন্য অনুপ্রেরণা ১৯২৪ সালের পর প্রথম পুরুষ খেলোয়াড় হিসাবে ইউএস ওপেনে টানা পঞ্চম শিরোপা জয়ের কীর্তি গড়ার। পিট সা
bdnews24