২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একে অন্যের ছায়ায় জেগে উঠতে চায় ফুটবল এবং সিটিসেল

সমঝোতা স্মারক চুক্তির ১০ দিন পর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের সঙ্গে চুক্তি পাকা করে ফেলল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাই বাফুফে সভাপতিও পরম তৃপ্তি নিয়ে ঘোষণা দিলেন, "আজ থেকে সিটিসেলের সঙ্গে সবকিছু অফিসিয়াল হয়ে গেল।" প্রাথমিকভাবে এক কোটি টাকা দিয়ে ফুটবলের সঙ্গে পথ চলা নিশ্চিত করল সিটিসেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- সমঝোতা স্মারক চুক্তির ১০ দিন পর প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের সঙ্গে চুক্তি পাকা করে ফেলল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তাই বাফুফে সভাপতিও পরম তৃপ্তি নিয়ে ঘোষণা দিলেন, "আজ থেকে সিটিসেলের সঙ্গে সবকিছু অফিসিয়াল হয়ে গেল।" প্রাথমিকভাবে এক কোটি টাকা দিয়ে ফুটবলের সঙ্গে পথ চলা নিশ্চিত করল সিটিসেল। সিটিসেল একটি ব্র্যান্ড, তার কোম্পানি হচ্ছে প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড। বৃহস্পতিবার বাফুফে ভবনে এই মোবাইল কোম্পানির প্রধান নির্বাহী মাইকেল সিমরের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সেরেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। তারপর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, "দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে চুক্তির শর্তগুলো ঠিক করা হয়েছে। সবকিছু ঠিকঠাক করার পর সিটিসেলের সঙ্গে এই চুক্তি আনুষ্ঠানিকতা পেয়েছে আজ। প্রাথমিকভাবে তারা এক কোটি টাকা দিয়েছে আমাদের।" ৩ বছরের জন্য বাফুফে সাড়ে ১৬ কোটি টাকার চুক্তি করেছে সিটিসেলের সঙ্গে। চুক্তির একটি অন্যতম শর্ত হচ্ছে, লিগ ও টুর্নামেন্ট মিলিয়ে বছরে ১৬ টি প্রতিযোগিতা আয়োজন করতে হবে ফেডারেশনকে, যেগুলোর সঙ্গে জুড়ে থাকবে সিটিসেলের নাম। আর তাদের টাইটেল স্পন্সর করা হবে তিনটি বড় আসরের---- বি. লিগ, ফেডারেশন কাপ ও স্কুল ফুটবল টুর্নামেন্ট। আগামী ২৬ জুলাই থেকে অনুষ্ঠেয় ফেডারেশন কাপের ঠিক আগেই তারা এক কোটি টাকার চেক তুলে দিয়েছে বাফুফে কর্তাদের হাতে। বাফুফে সভাপতির কথা অনুযায়ী বি. লিগের আগে আরো এক কোটি এবং আগামী অক্টোবর-নভেম্বরে দেবে এক কোটি টাকা। এই হচ্ছে বাফুফের মোটা দাগে অর্থপ্রাপ্তির হিসাব। ২০০০ সালে জারি হওয়া আয়কর অধ্যাদেশে অনুযায়ী বাফুফের এই প্রাপ্তি সম্পূর্ণ আয়করমুক্ত। প্রশ্ন উঠেছে মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে কিনা? এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে জানা গেছে ভ্যাটও দিতে হবে না। সংবাদ সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন বাফুফে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী, দুই সহ-সভাপতি শওকত আলী খান জাহাঙ্গীর ও কাজী নাবিল আহমেদ এবং বাফুফে সদস্য ও ফিন্যান্স কমিটির চেয়ারম্যান আনোয়ারুল হক হেলাল। সিটিসেলের পক্ষ থেকে প্রধান নির্বাহী ছাড়াও বিপণন বিভাগের প্রধান আনন্দ রাজাসিঙ্গান এবং মার্কেটিং ও ব্র্যান্ডিং ব্যবস্থাপক সানিয়া মাহমুদ উপস্থিত ছিলেন। এই বিশাল অর্থ দিয়ে স্পনসরশিপে আসা সিটিসেল ফুটবলের মোড়কে নিজেদের ব্যাপক প্রচার ও পসার আশা করে। তাদের প্রধান নির্বাহী মাইকেল সিমরের প্রত্যাশা, "ফুটবল ফেডারেশনের নতুন নেতৃত্বের ওপর আমাদের বিশ্বাস আছে। এদেশে ফুটবলের একটা ঐতিহ্য আছে। তাই ফুটবলের পুনর্জাগরণ সম্ভব এবং এজন্য তরুণদের নিয়েই কাজ করতে হবে।" অর্থাৎ ফুটবলের পূনর্জাগরণের সঙ্গে জড়িয়ে গেছে সিটিসেলের পুনর্জাগরণের স্বপ্নও। ফুটবল ও সিটিসেল--- দুটোই যেন একই অবস্থান থেকে একে অন্যের ছায়ায় জেগে উঠতে চাইছে ! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৫০ঘ.