ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বাফুফের নির্বাচনে দুটো প্যানেল হলেও তৃতীয় একটি পক্ষের সম্পৃক্ততা আবিস্কার করেছেন কাজী সালাউদ্দিন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসেসিয়েশন-এর মহাসচিব ও প্রধান নির্বাহীর দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন সভাপতি প্রার্থী সালাউদ্দিন।
বৃহস্পতিবার ইয়ংমেন্স ফকিরের পুল ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন ওই দুজনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন এভাবে, "নির্বাচনকে প্রভাবিত করায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব ও সিইও (প্রধান নির্বাহী) সরাসরি হস্তক্ষেপ করছেন। সরকারি প্রশাসনের নামে সম্মানিত কাউন্সিলরদের বারবার প্রায় প্রতিদিনই ভয়ভীতি দেখাচ্ছেন যা অত্যন্ত নিন্দনীয়।" এই অভিযোগের ভিত্তি কী - জানতে চাইলে তিনি বলেছেন, "আমি পত্র-পত্রিকায় ওই দুজনের নাম দেখেছি। তারা কাউন্সিলরদের ভয়ভীতি দেখাচ্ছেন।" দুজন মানে বিওএ মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ ও প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালীউল্লাহ।
তবে ওয়ালীউল্লাহ এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, "অনেক আগে আমি ফুটবলে সুন্দর একটি কমিটি গঠনের জন্য ঐক্যের চেষ্টা করেছিলাম। তারপর থেকে বাফুফে নির্বাচনের সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।" ভয়ভীতি দেখানো প্রসঙ্গে তিনি বলেন, "সালাউদ্দিন সাহেবকে অনুরোধ করছি একটি প্রমাণ দিতে। ভয় দেখানো হয়েছে, এমন লোকের নাম উনিই বলুন।"
অন্যদিকে মেজর জেনারেল (অব.) আমিন আহমেদ চৌধুরীর পক্ষ থেকে একরকম পক্ষপাতিত্বের অভিযোগই তোলা হয়েছে নির্বাচন কমিশনারের দিকে। মানোনয়নপত্রে তথ্য গোপনের অভিযোগ থেকে মুক্তি পাওয়া কাজী সালাউদ্দিনের প্রসঙ্গ টেনে সভাপতি প্রার্থী আমিন আহমেদ বলেছেন, "ব্যাপারটা নির্বাচন কমিশন যেভাবে সামলেছে তাতে আমরা সন্তুষ্ট নই। তাড়াহুড়ো করে হাবিব একটা ঘরে টিক দেয়নি যা স্পোর্টিংলি নেওয়া যেতো। কমিশনকে বিনীতভাবে বলছি, সবকিছু সমানভাবে দেখবেন, সাধারণ বুদ্ধি-বিবেচনা কাজে লাগাবেন। আইনের উদ্দেশ্য শুধু শাস্তি দেওয়া নয়, সুবিচার করা। আইনের একপেশে প্রয়োগ না করারও আহ্বান জানাচ্ছি।"
বৃহস্পতিবার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আমিন আহমেদের পক্ষ থেকে এ আহ্বান জানানো হয়। তারা মনে করছেন, হাবিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা এবং কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ সুরাহার ব্যাপার দুটো সমানভাবে দেখা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসি/১০১১ ঘ.
bdnews24