ঢাকা, ৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- মঙ্গলবার ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রথিতযশা দশ ক্রীড়াবিদের হাতে ২০০৭ সালের জাতীয় ক্রীড়া পুরস্কার তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। ক্রীড়াক্ষেত্রে বিভিন্নভাবে অবদান রাখা ক্রীড়াব্যক্তিত্বদের হাতে সম্মাননা ও নগদ অর্থ তুলে দিয়েছেন তিনি। প্রধান অতিথির ভাষণে তিনি গ্রাম-গঞ্জে এবং পাড়া-মহল্লায় খেলাধূলার চর্চা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে খেলাধূলা চর্চার মাধ্যমে মাদক মুক্ত যুব সমাজ গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা।
১৯৭৬ সালে প্রবর্তিত এই রাষ্ট্রীয় পুরস্কারের জন্য এবার অনেক যাচাই-বাছাইয়ের পর ১০ গুণী ক্রীড়াবিদকে পুরস্কৃত করা হয়েছে। তারা হলেন শর্মিলা রায় (অ্যাথলেটিকস), রনজিত দাস (ফুটবল), আমির হোসেন পাটোয়ারী (কাবাডি), লে. কমান্ডার এম আরশাদ (অব.) (সাঁতার), আমিনুল ইসলাম (জুডো), নুরুল ইসলাম (হকি), প্রকৌশলী আবুল হাশেম (ব্যাডমিন্টন), প্রফেসর ডা. রশিদ উদ্দিন আহমদ (বাস্কেটবল), আতাউল হক মল্লিক (সংগঠক-মরণোত্তর) ও কাজী আনিসুর রহমান (সংগঠক)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/এএআর/১২০৬ঘ.
bdnews24