বুয়েনস এইরেস, ১২ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- টানা ছয় ম্যাচ ড্র করার পর অবশেষে একটা জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। শনিবার বুয়েনস এইরেসে বিশ্বকাপ বাছাই পর্বে লাতিন আমেরিকান অঞ্চলের ম্যাচে প্রতিবেশী উরুগুয়েকে ২-১ গোলে হারিয়েছে লিওনেল মেসিদের দল।
ম্যাচের ষষ্ঠ মিনিটেই মেসির গোলে প্রথম এগিয়ে যায় আর্জেন্টাইনরা। হুয়ান রোমান রিকুয়েমের ক্রসে মাথা ছুঁইয়ে করা এই গোলটির ৭ মিনিট পর আর্জেন্টিনার পক্ষে অন্য গোলটি করেছেন সার্জিও আগুয়েরো। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা, ৩০ মিনিটে মার্টিন ডেমিচেলিসের গোলটি যদি অফসাইডের অভিযোগে বাতিল না হয়ে যেতো। বিরতির বাঁশি বাজার ৫ মিনিট আগে উরুগুয়ের দিয়েগো লুগানো শোধ করে দিয়েছেন একটি গোল।
দ্বিতীয়ার্ধে উরুগুইয়ানরা শক্তিপ্রয়োগের নীতি গ্রহণ করায় ম্যাচটি রীতিমতো যুদ্ধক্ষেত্রেই পরিণত হয়েছিল বলে আর্জেন্টাইনদের অভিযোগ। তবে সেই যুদ্ধে আর কোনো সাফল্য পায়নি কোনো দলই।
এই জয়ের পর ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে আর্জেন্টিনা। এদিনই কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে প্যারাগুয়ে। তাদের সংগ্রহ ২০ পয়েন্ট। দিনের অন্য এক ম্যাচে বলিভিয়া ৩-০ গোলে হারিয়েছে পেরুকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৩২০ ঘ.
bdnews24