২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশা নিয়ে আত্মহত্যা করলেন হকি খেলোয়াড় শামীম রেজা

৩৬৫ দিনের মধ্যে শামীম রেজা বেছে নিলেন এই দিনটিকে। যে ২২ সেপ্টেম্বর আরেক তারকা হকি খেলোয়াড় রবিউদ্দিনের মৃত্যুদিন, তার অষ্টম মৃত্যুবার্ষিকীতে তরুণ হকি খেলোয়াড় শামীম ইহলোকের মায়া ত্যাগ করে অন্যলোকে রবির সঙ্গী হলেন। স্থগিত হয়ে গেল রবির মৃত্যুবার্ষিকী উদযাপন, যা আগামী বছর থেকে রবি-শামীম স্মরণ সভায় রূপ নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2007, 01:24 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ৩৬৫ দিনের মধ্যে শামীম রেজা বেছে নিলেন এই দিনটিকে। যে ২২ সেপ্টেম্বর আরেক তারকা হকি খেলোয়াড় রবিউদ্দিনের মৃত্যুদিন, তার অষ্টম মৃত্যুবার্ষিকীতে তরুণ হকি খেলোয়াড় শামীম ইহলোকের মায়া ত্যাগ করে অন্যলোকে রবির সঙ্গী হলেন। স্থগিত হয়ে গেল রবির মৃত্যুবার্ষিকী উদযাপন, যা আগামী বছর থেকে রবি-শামীম স্মরণ সভায় রূপ নেবে। কিন্তু এই মৃত্যু স্বাভাবিক নয়। রবির অষ্টম মৃত্যুবার্ষিকীতে আত্মঘাতী হলেন রাজশাহীরই আরেক কৃতি হকি খেলোয়াড় শামীম রেজা। তার ছোটবেলার বন্ধু হকি খেলোয়াড় আশরাফুল ইসলাম শিশুর দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার রাত ২ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই শামীম মারা যান। সেদিনই দুপুর আড়াইটার দিকে রাজশাহীর বহরমপুরের বাড়িতে তিনি হারপিক খান। প্রথমে সেটা কেউ টের না পেলেও এক সময় যখন যন্ত্রণায় কাতরাতে থাকেন তখন সবাই জেনে যান এবং বিকেল ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেওয়া হয়। সেখানকার ডাক্তার ঢাকায় নিয়ে যেতে বললে গভীর রাতে শামীমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু বাঁচানো যায়নি, রাত ২ টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। হতাশা থেকেই নাকি মাত্র ২৩ বছর বয়সে আত্মহননের পথ নিয়েছেন তিনি। শুনুন মৃত্যুর সময় পাশে থাকা রাজশাহীর হকি সংগঠক রইস উদ্দিন আহমেদ বাবুর মুখে, "বেশ কিছুদিন ধরে হতাশায় ভুগছিল শামীম। পারিবারের আর্থিক অস্বচ্ছলতায় সে কোনো অবদান রাখতে পারছে না, এই অপরাধবোধ কাজ করতো তার মধ্যে। সে কারণেই ছেলেটা নিজেকে ওভাবে শেষ করে দিল।" তবে হারপিক খাওয়ার আগে ভাই-বোনদের সঙ্গে তার ঝগড়াঝাটিও হয়েছে বলে শোনা গেছে। ৩ ভাই ও ২ বোনের মধ্যে তিনি তৃতীয়। যদিও তার বন্ধু আশরাফুল ইসলাম শিশু বলেছেন, "তার বাঁ পায়ে একটা ইনজুরি ছিল। যে কারণে তার ক্যারিয়ারও হুমকির মুখে পড়ে, জাতীয় দল থেকে বাদ পড়ে। ছিল আর্থিক অস্বচ্ছলতাও। এসব সবসময় তাকে পীড়া দিত।" অর্থ উপার্জনের জন্য হকি ছেড়ে ২০০২ সালে তিনি ইংল্যান্ড-প্রবাসী হয়েও হতাশা কাটিয়ে উঠতে পারেননি। অথচ তিনি ছিলেন দারুন প্রতিভাবান এক সেন্টার ফরোয়ার্ড। ১৯৯৯ সালে তার গায়ে জাতীয় দলের জার্সি ওঠার পর টানা খেলে গেছেন ২০০৬ সাল পর্যন্ত। গত বছর দেশের মাটিতে এশিয়ান গেমস বাছাইপর্বই ছিল জাতীয় দলের হয়ে তার শেষ খেলা। এছাড়া সিনিয়র ডিভিশন হকিতে ২০০১ সালে মোহামেডানের সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন তিনি। কিন্তু আজ সবই কেবল স্মৃতি। বাবা মারা যাওয়ার ৫০ দিনের মাথায় নিজে আত্মঘাতী হয়ে রাজশাহীর মহিষবাথান গোরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন শামীম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/১৯২০ঘ.